ছাত্রকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় ৫ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে পাঁচ বছর আগে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলায় পাঁচজনকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ চট্টগ্রামের বিচারক মো. সিরাজদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফাহিম হোসেন, নুরুল আবেদীন, ইমরান হোসেন, মফিজুর রহমান ও আবু বক্কর। তাঁদের মধ্যে আবু বক্কর ভুক্তভোগী শিক্ষার্থীর প্রতিবেশী।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত পাঁচ আসামিকে একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড এবং আরেকটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দেন। তবে দুটি সাজা একসঙ্গে চলবে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৫ অক্টোবর নগরের কর্ণফুলী এলাকার বাসা থেকে বেরিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে ইব্রাহিম হেলালকে অপহরণ করা হয়। পরে তাঁকে সিএনজি অটোরিকশায় করে নগরের চান্দগাঁও এলাকায় নিয়ে ফোনে তার মায়ের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। বিষয়টি কর্ণফুলী থানাকে জানানো হলে পুলিশ অভিযান শুরু করে।
অভিযান চালিয়ে চান্দগাঁও এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। ঘটনার পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন।