ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে অফিস আদেশ, আরমা দত্তের আইনি নোটিশ
ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তি ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উল্লেখ করে তা পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের জন্য দল গঠন–সম্পর্কিত অফিস আদেশ প্রত্যাহার বা বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রেজিস্ট্রি ডাকযোগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ কর্মকর্তার বরাবরে সোমবার ওই নোটিশ পাঠান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং কুমিল্লার পুলিশ সুপার বরাবর ওই নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, নোটিশ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে গত ৯ নভেম্বরের অফিস আদেশ প্রত্যাহার বা বাতিলের দাবি জানানো হয়েছে নোটিশে। এ বিষয়ে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ সম্পর্কে লিখিতভাবে অবহিত করতেও বলা হয়েছে। অন্যত্থায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) থেকে ৯ নভেম্বর ওই অফিস আদেশ জারি করা হয়। এতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত পরিত্যক্ত বাড়ি সংরক্ষণের জন্য সরেজমিনে পরিদর্শন দল গঠন ও প্রতিবেদন দেওয়ার বিষয়ে বলা হয়।
কুমিল্লার আদর্শ সদর থানার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমিটির মালিক মূলত ধীরেন্দ্রনাথ দত্ত বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তার অবিবাহিত ছেলে দিলীপ দত্তকে হত্যা করলে তার অপর ছেলে সঞ্জীব দত্ত সম্পত্তিটির উত্তরাধিকারী হন। ১৯৯২ সালে সঞ্জীব দত্ত মারা গেলে তাঁর উত্তরাধিকারী আরমা দত্ত ও রাহুল দত্ত তাঁদের বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ওই সম্পত্তির মালিকানা লাভ করেন। পরবর্তী সময়ে বিএস জরিপে আরোমা দত্ত ও রাহুল দত্তের নামে জমিটি রেকর্ড করা হয়।
নোটিশের ভাষ্য, চলতি বছরের ১৩ মে রাহুল দত্ত মারা গেলে একমাত্র জীবিত উত্তরাধিকারী হিসেবে আরমা দত্ত সম্পত্তিটি নিজের নামে নামজারি করেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর ও সিটি করপোরেশনের হোল্ডিং কর পরিশোধের মাধ্যমে সম্পত্তিটি ভোগদখল করে আসছেন। তিনি (আরমা দত্ত) বা তাঁর পূর্বসূরিরা কখনোই সম্পত্তিটি পরিত্যাগ করেননি। এমনকি সরকারও সম্পত্তিটিকে কখনো পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করেনি।
আইনি নোটিশে বলা হয়, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য গত ১৪ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠান, সঙ্গে কয়েকটি সম্পত্তির তালিকা সংযুক্ত করে আরমা দত্তের সম্পত্তিও ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করা এবং এ জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব দেন। বিষয়টি জানতে পেরে আরমা দত্ত গত ২৮ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীকে চিঠি দিয়ে ব্যক্তিগত ওই সম্পত্তিকে হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত না করার অনুরোধ জানান। তবে এখনো এ বিষয়ে কোনো জবাব পাননি তিনি।
নোটিশের ভাষ্য, ১১ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের মাধ্যমে আরমা দত্ত জানতে পারেন যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ৯ নভেম্বর অফিস আদেশ জারি করেন, যেখানে তাঁর ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শন এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য একটি দল গঠন করা হয়েছে। অফিস আদেশে ওই সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গণ্য করা হয়েছে। অথচ এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এমনকি ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শনের জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।
১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের ৬ ধারা অনুযায়ী সম্পত্তির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণের আগে যুক্তিসংগত নোটিশ প্রদান করা আবশ্যক উল্লেখ করে আইনি নোটিশে বলা হয়, এ ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণের আগে কোনো যুক্তিসংগত নোটিশ দেওয়া হয়নি। তাঁর (আরমা দত্ত) বক্তব্য উপস্থাপনের সুযোগও দেওয়া হয়নি। যা শুধু ওই বিধানের লঙ্ঘনই নয়; বরং ন্যায়বিচারের নীতিরও সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৪২ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলিব্যবস্থার অধিকার নিশ্চিত করেছে। কোনো প্রশাসনিক আদেশের মাধ্যমে এই অধিকার খর্ব করা যায় না। ওই অফিস আদেশের তাঁর সম্পত্তির অধিকারসংক্রান্ত মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।