নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় দ্রুত তদন্তের আহ্বান আইএফজের

দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)ছবি: সংগৃহীত

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের দ্রুত এবং বিশদ তদন্তের আহ্বান জানিয়েছে ব্রাসেলসভিত্তিক সংগঠনটি।

শুক্রবার আইএফজের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের সহযোগী সংগঠন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সঙ্গে মিলে লুৎফুজ্জামান ফকির হত্যার নিন্দা ও তদন্তের আহ্বান জানিয়েছে আইএফজে।

আইএফজের মহাসচিব অ্যান্থনি বেলাঙ্গার বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের এই নৃশংস হত্যাকাণ্ড সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি ও ভয়াবহ এক আঘাত। দেশে গণতান্ত্রিক উত্তরণ চলছে। এরপরও সাংবাদিকদের ওপর অপরাধের ক্ষেত্রে বিচারহীনতার সংস্কৃতি রয়ে গেছে। ফলে গণমাধ্যমকর্মীদের জন্য বাংলাদেশ এখনো বিপজ্জনক একটি জায়গা।

আইএফজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। ১৫ অক্টোবর রাত আটটার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে তাঁকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুই বন্দুকধারী। হামলার পর মোটরসাইকেলে করে বন্দুকধারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আলিফকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বন্দুকধারীদের হামলায় আলিফের ঘাড়, মাথা ও বুকে গুলির অন্তত তিনটি ক্ষত হয়েছে। বন্দুকধারীদের শনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত চলছে।

আইপিটিভিতে দায়িত্ব পালনের পাশাপাশি আলিফ ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন। সেখানে তিনি বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধ–সংক্রান্ত সন্দেহভাজন কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন। আলিফ যে সপ্তাহে হত্যার শিকার হন, সেই সপ্তাহেও তিনি মাদক পাচার ও স্থানীয় চোরাচালান চক্র নিয়ে কিছু অনুসন্ধানী তথ্য প্রকাশ করেছিলেন।

এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বরও একটি হামলা থেকে বেঁচে গিয়েছিলেন এই সাংবাদিক। সেদিন দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তেরীবাজার ঘাটের কাছে তাঁকে ছুরিকাঘাতে জখম করা হয়। ওই হামলাকারীরাও এখন পর্যন্ত শনাক্ত হয়নি।