আর্ট ঢাকায় বিক্রি হলো অর্ধেকের বেশি কাজ, সবচেয়ে দামি শিল্পকর্মটির মূল্য কত

রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘আর্ট ঢাকা ২০২৬’ প্রদর্শনীতে শিল্পকর্ম ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ১০ নভেম্বর, ২০২৬ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল গড়াতেই বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে পাঁচ দিন ধরে চলা আর্ট ঢাকা ২০২৬-এর শেষ দিনেও ছিল এমন ব্যস্ততা। আয়োজকদের হিসাবে পাঁচ দিনে এ আয়োজনে এসেছেন সাত হাজারের বেশি দর্শনার্থী।

গতকাল মঙ্গলবার শেষ হয়েছে প্রথমবারের মতো আয়োজিত এই শিল্পমেলা। ৬ নভেম্বর শুরু হওয়া এ আয়োজনে অংশ নিয়েছিলেন ১৩০ জনের বেশি শিল্পী।

আর্ট ঢাকায় ঢুকেই দর্শনার্থীদের চোখে পড়ে স্থপতি রাশেদ চৌধুরীর নকশায় তৈরি অস্থায়ী স্থাপত্যকর্ম ‘দ্য প্যাভিলিয়ন’। পার্কিং স্পেসে তৈরি এই স্থাপনার ভাবনায় রয়েছে বাংলার স্থাপত্য ঐতিহ্য ও স্থানীয় নির্মাণ উপকরণের ব্যবহার। প্রাচীন স্থাপত্যের উপাদানকে সমকালীন নির্মাণচিন্তার সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে স্থাপনাটি।

মূল প্রদর্শনী সাজানো হয়েছিল দুটি বিভাগে। নিচতলায় ছিল জিহান করিমের কিউরেশনে ন্যারেশন, থট, ক্রনিকলস এবং ওপরের তলায় নাজমুন নাহার কেয়ার কিউরেশনে দ্য স্টিল পয়েন্ট। এ ছাড়া ফারিয়া জেবার কিউরেশনে ছিল ছাপচিত্রের বিশেষ আয়োজন দ্য আর্ট অব অ্যাকসেস।

মুস্তাফা জামানের কিউরেশনে লিপিং অ্যাক্রস টাইম বিভাগে তুলে ধরা হয় দেশের আধুনিক শিল্পের পথিকৃৎদের কাজ। সেখানে ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান ও সফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম। এসব কাজ প্রদর্শনীর জন্য রাখা হলেও বিক্রির জন্য ছিল না। পাশাপাশি ছিল ইমারসিভ আর্ট জোন।

প্রদর্শনীতে থাকা শিল্পকর্মগুলোর দামেও ছিল বৈচিত্র্য। পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা দামের শিল্পকর্ম ছিল মেলায়। এর মধ্যে শিল্পী দিনার সুলতানা পুতুলের মিক্সড মিডিয়ায় (মিশ্র মাধ্যম) করা দ্বিখণ্ডিত চিত্রকর্ম ‘প্যারাডক্স’-এর দাম ছিল ২৫ লাখ টাকা, যা প্রদর্শনীর সর্বোচ্চ দামি শিল্পকর্ম।

শিল্পকর্মগুলোর বিষয়বস্তুতে ছিল বৈচিত্র্য। যেমন শিল্পী রাসেল কান্তি দাশের শিল্পকর্মের মূল বিষয় মানুষ ও মানুষের জীবন। যেখানে উঠে এসেছে ক্ষমতা, স্বাধীনতার সংকট ও নাগরিক জীবনের বিচ্ছিন্নতার মতো বিষয়। আবার বিশ্বজিৎ গোস্বামীর শিল্পকর্মে এসেছে মানবদেহ, পরিচয় ও ব্যক্তিগত স্মৃতির প্রসঙ্গ। সৌরভ চৌধুরী ছাপচিত্রে ব্যবহার করেছেন নানা কৌশল ও পৌরাণিক প্রতীক। আর দিনার সুলতানা পুতুলের কাজে প্রাধান্য পেয়েছে প্রকৃতি, পরিবেশ ও জৈব উপকরণ।

প্রদর্শনীতে থাকা শিল্পকর্মগুলোর দামেও ছিল বৈচিত্র্য। পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা দামের শিল্পকর্ম ছিল মেলায়। এর মধ্যে শিল্পী দিনার সুলতানা পুতুলের মিক্সড মিডিয়ায় (মিশ্র মাধ্যম) করা দ্বিখণ্ডিত চিত্রকর্ম ‘প্যারাডক্স’-এর দাম ছিল ২৫ লাখ টাকা, যা প্রদর্শনীর সর্বোচ্চ দামি শিল্পকর্ম।

অমিয়া খন্দকার, ফাহাদ সাত্তার, দুর্জয় রহমান ও নাহার খানের উদ্যোগ আর্ট ঢাকা। সমাপনী দিনে প্রথম আলোর সঙ্গে কথা বলেন অন্যতম আয়োজক অমিয়া খন্দকার। তিনি বলেন, বাংলাদেশের শিল্পবাজারকে আরও শক্তিশালী করা এবং শিল্পীদের সঙ্গে দর্শক ও সংগ্রাহকদের যোগাযোগ বাড়ানোর লক্ষ্য থেকে আর্ট ঢাকার উদ্যোগ।

অমিয়া খন্দকার বলেন, ‘দেশের অনেক শিল্পীর কাজ বিদেশি সংগ্রাহকেরা কিনলেও স্থানীয় পর্যায়ে শিল্পকর্ম কেনার আগ্রহী মানুষের সঙ্গে শিল্পীদের যোগাযোগের সুযোগ তুলনামূলক কম। আমরা এই সেতুবন্ধটা করতে চেয়েছি।’

এই আয়োজক আরও বলেন, তাঁদের অন্যতম লক্ষ্য ছিল শিল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়া। প্রদর্শনীতে থাকা শিল্পকর্মের ৫০ শতাংশের বেশি বিক্রি হয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, এই বিক্রি প্রমাণ করে, দেশে শিল্পকর্মের একটি শক্তিশালী স্থানীয় বাজার রয়েছে। তবে সেই বাজারের সঙ্গে শিল্পীদের সংযোগ তৈরি করা জরুরি বলে মনে করেন তিনি।

‘আর্ট ঢাকা ২০২৬’ প্রদর্শনীর সর্বোচ্চ দামি শিল্পকর্ম এটি। শিল্পী দিনার সুলতানা পুতুলের মিশ্র মাধ্যমে দ্বিখণ্ডিত এই চিত্রকর্মের নাম ‘প্যারাডক্স’। ১০ নভেম্বর, ২০২৬
ছবি: প্রথম আলো

শিল্পীদের সঙ্গে দর্শনার্থীদের সরাসরি যোগাযোগের বিষয়টিও আয়োজকদের পরিকল্পনার অংশ ছিল। এ আয়োজনের আরেক আয়োজক ফাহাদ সাত্তার বলেন, দর্শনার্থীরা শিল্পীদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের কাজের ভাবনা সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে শিল্পকর্ম না কিনলেও এভাবে শিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।

সমাপনী দিনে প্রদর্শনী দেখতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী আরিফুর রহমান। দ্বিতীয় তলায় ‘দ্য স্টিল পয়েন্ট’ বিভাগ ঘুরে দেখছিলেন তিনি। শিল্পী আনিসুজ্জামান সোহেলের শিল্পকর্মের সামনে কথা হয় তাঁর সঙ্গে। তিনি প্রথম আলোকে জানান, এ নিয়ে দ্বিতীয়বার এসেছেন তিনি। আয়োজন নিয়ে আরিফুর রহমান বলেন, ‘ঢাকায় যেখানেই এ ধরনের আয়োজন হয়, আসার চেষ্টা করি। এর আগে অনেক এক্সিবিশন দেখেছি, কিন্তু এখানে এসে ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। আমার সামনেই দুই লাখ টাকা দিয়ে একজন একটা শিল্পকর্ম কিনলেন, নিজে না কিনতে পারলেও সামনাসামনি এটা দেখা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। শিল্পীদের তো বাঁচতে হবে।’

প্রদর্শনীতে নিজের ২৮টি শিল্পকর্ম নিয়ে অংশ নিয়েছিলেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। তাঁর কাজের বিষয়বস্তুতে রয়েছে মৃত্যু, জীবন ও প্রকৃতির নানা রূপ। এসব বিষয়কে রূপক ও ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রকাশ করেন তিনি। কয়েকটি কাজ বিক্রি হয়ে যাওয়ায় প্রদর্শনী চলাকালে সেগুলোর জায়গায় নতুন কাজও রাখা হয়েছে।

এ ধরনের শিল্পমেলায় টিকিটের ব্যবস্থা নিয়েও কথা বলেন এই শিল্পী। তাঁর মতে, টিকিটের ব্যবস্থা থাকায় প্রকৃত শিল্পানুরাগীরা শিল্পকর্ম দেখার পরিবেশ পান। শুধু ছবি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার উদ্দেশ্যে আসা দর্শনার্থীদের ভিড়ও এড়ানো সম্ভব হয়।

পাঁচ দিনের আয়োজন শেষে আয়োজকদের প্রত্যাশা, আর্ট ঢাকার মধ্য দিয়ে শিল্পী, সংগ্রাহক ও দর্শকদের মধ্যে তৈরি হওয়া যোগাযোগ ভবিষ্যতেও বজায় থাকবে। তাঁদের পরিকল্পনা, প্রতিবছর এ আয়োজনের ধারাবাহিকতা রাখা। দেশের শিল্পীদের কাজ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি শিল্প সংগ্রহের নতুন পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখবে এমন আয়োজন—এমনটাই আশা তাঁদের।