বরখাস্ত সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার ৪ দিনের রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতফাইল ছবি: প্রথম আলো

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে (৪৮) চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত ছিলেন মাঞ্জিল হায়দার চৌধুরী। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামিকে আদালতে হাজির করেন। তিনি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি আজিজুল হক। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী শেখ ফরিদ ও কালাম হোসেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে দমন-পীড়ন চালানো হয়। মাঞ্জিল হায়দার চৌধুরী এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন। তিনি ওবায়দুল কাদেরের পরিচিত হওয়ায় নিজের পদের প্রভাব খাটিয়ে আন্দোলন দমনের পরিকল্পনা করেন। এ জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিক সহায়তাও দিয়েছেন বলে অভিযোগে বলা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলা চালানো হয়। এতে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের শ্যালক আবদুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।