নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালেছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ভবনটি চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজারে।

আজ শনিবার সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। তাঁদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে চিকিৎসাসেবা শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা যোগ হলো।

এতে হাসপাতালটিতে এখন মোট এক হাজার শয্যায় স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া যাবে।