কমেছে খাদ্যসহায়তা
রোহিঙ্গা শিবিরে সংকট বাড়ার শঙ্কা
রোহিঙ্গাদের খাবারের পেছনে এত দিন মাথাপিছু মাসিক বরাদ্দ ছিল ১২ ডলার। ১ মার্চ থেকে তা কমিয়ে করা হয়েছে ১০ ডলার।
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে (ক্যাম্প) নিবন্ধিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের জন্য খাদ্যসহায়তা মাথাপিছু প্রায় ১৭ শতাংশ কমিয়ে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। দুই বছরের বেশি বয়সী শিশুদের পুষ্টিসহায়তাও কিছুটা কমেছে। তহবিলসংকটের কারণে সামনের দিনগুলোতে সুযোগ-সুবিধা আরও কমে যাওয়ার আশঙ্কা আছে। বিষয়টি রোহিঙ্গাদের কপালে নতুন করে দুশ্চিন্তার ছাপ ফেলেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খাদ্যসহায়তা কমে যাওয়ায় ক্যাম্পে বন্দী রোহিঙ্গাদের জীবন আরও কঠিন হয়ে উঠবে। পাশাপাশি দেখা দিতে পারে নতুন সংকট। এখনই রোহিঙ্গাদের একটি অংশ মাদক চোরাচালান, অপহরণ করে মুক্তিপণ আদায়, মানব পাচার, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। খাদ্যসহায়তা কমে যাওয়ায় এসব অপরাধমূলক কাজে জড়িত হওয়ার প্রবণতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এখন অনেকে শিবিরের বাইরে গিয়ে কাজ করেন।
খাদ্যসহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের মধ্যে বাইরে কাজ করতে যাওয়ার হার আরও বাড়তে পারে। এতে শ্রমবাজারে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের দ্বন্দ্ব দেখা দিতে পারে। কারণ, রোহিঙ্গারা সাধারণত স্থানীয় শ্রমিকদের তুলনায় কম মজুরিতে কাজ করে থাকেন।
আশ্রয়শিবিরের সবকিছু দেখভাল করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়। জানতে চাইলে আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাদের খাদ্যসহায়তা মাথাপিছু ২ ডলার কমানো হয়েছে। এতে পুষ্টির ওপর প্রভাব পড়বে। এমনিতেই তাঁরা অপুষ্টিতে ভুগছেন। তা ছাড়া এতে দেশের জন্যও সংকট তৈরি হবে। কারণ, খাবারের ঘাটতি হলে তাঁরা কাজের সন্ধানে ক্যাম্পের বাইরে যাবেন। সস্তায় শ্রম বিক্রি করবেন। দেশের স্থানীয় শ্রমবাজারে এর প্রভাব দেখা দেবে। তিনি মনে করেন, এতে স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে যে সদ্ভাব রয়েছে, তা ক্ষতিগ্রস্ত হবে এবং ‘টেনশন’ (উদ্বেগজনক পরিস্থিতি) তৈরি করবে।
মিজানুর রহমান আরও বলেন, রোহিঙ্গাদের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানে (জেআরপি) যে পরিমাণ তহবিল আশা করা হয়েছিল, ২০২২ সালে তার ৬২ শতাংশ পাওয়া যায়। এর আগে সেটি ছিল ৭০ শতাংশ। চলতি বছরে এটি আরও কমে যাওয়ার আশঙ্কা আছে।
‘সমস্যা আরও বেড়ে যাবে’
রোহিঙ্গাদের খাবারের পেছনে এত দিন মাথাপিছু মাসিক বরাদ্দ ছিল ১২ ডলার। ১ মার্চ থেকে সেটি প্রায় ১৭ শতাংশ কমিয়ে করা হয়েছে ১০ ডলার। খাবারের জন্য রোহিঙ্গাদের হাতে টাকা দেওয়া হয় না। পরিবারপ্রতি একটি করে ই-ভাউচার (একধরনের রেশন কার্ড) দেওয়া হয়। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য ওই ভাউচারে ১০ ডলার করে দেওয়া হয়। কোনো পরিবারের পাঁচজন সদস্য থাকলে ই-ভাউচারে জমা হবে মাসে ৫০ ডলার। ওই ভাউচার দিয়ে ক্যাম্পের ভেতরে ডব্লিউএফপির নির্দিষ্ট আউটলেট থেকে নিজের পছন্দ অনুযায়ী খাবার (চাল, ডাল, মাছ, মাংস, তরিতরকারি ইত্যাদি) কেনা যায়। যতটুকু পণ্য দোকান থেকে কেনা হয়, তার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ অর্থ ভাউচার থেকে কেটে রাখা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি আশ্রয়শিবিরের মধ্যে একটি চায়ের দোকানে খাদ্যসহায়তা নিয়ে কথা হচ্ছিল রোহিঙ্গা যুবক খায়ের হোসেনের সঙ্গে। তাঁর পরিবারের আট সদস্য। তিনি প্রথম আলোকে বলেন, এত দিন তাঁরা জনপ্রতি খাবারের জন্য মাসে ১ হাজার ২২২ টাকা (১২ ডলার) করে পেতেন। সেটা দিয়েই চাহিদা পূরণ হতো না। নিজেদের টাকায় অনেক কিছু কিনতে হতো। খায়ের বলেন, এখন বরাদ্দ কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে। এতে সমস্যা আরও বেড়ে যাবে।
তুরস্কে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমানো হয়েছে, এমনটা শুনেছেন উল্লেখ করে খায়ের হোসেন জানান, তিনি শিবিরের ভেতর একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় স্বেচ্ছাসেবকের কাজ করেন। এতে মাসে ১২ হাজার টাকা পান। যে কারণে তাঁর কিছুটা বাড়তি ব্যয় করার সুযোগ আছে। যাঁরা শিবিরের ভেতর এ ধরনের কাজের সুযোগ পান না, তাঁদের অনেকে বাইরে গিয়ে দিনমজুরির কাজ করেন।
কমছে অন্যান্য সুযোগ-সুবিধাও
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সহায়তায় রোহিঙ্গাদের মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ বিভিন্ন খাদ্যবহির্ভূত পণ্য দেওয়া হয়। এর মধ্যে আছে কাপড় কাচার সাবান, গায়ে মাখার সাবান, নারীদের মাসিকের সময় ব্যবহার করার জন্য পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, শীতকালে কম্বল। এ ছাড়া রান্নার জন্য দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার। ক্যাম্পের ভেতরে আছে একাধিক হাসপাতাল। সেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ওষুধ পাওয়া যায় বিনা মূল্যে। শিশুদের জন্য আছে পুষ্টিকর খাবারের ব্যবস্থা।
কুতুপালংয়ের কয়েকটি ক্যাম্প ঘুরে জানা গেল, এসব ক্ষেত্রেও সহায়তা কমে আসছে। আগে নারীদের মাসিকের কাপড় ধোয়ার জন্য স্যাভলন ও লন্ড্রি সোপ দেওয়া হতো। ২০২২ সাল থেকে সেটা দেওয়া বন্ধ আছে। আগে ‘ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশনের’ একটি ব্যবস্থা ছিল, সেটাও এখন বন্ধ। আগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের পুষ্টির জন্য প্রতি মাসে চারটি করে ‘সুপার সেরিয়াল’ দেওয়া হতো। গত বছরের সেপ্টেম্বর থেকে দুই বছরের বেশি বয়সী বাচ্চাদের এই সহায়তা দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন পুষ্টির জন্য ২ থেকে ৫ বছরের শিশুদের মাসে ৩ ডলার করে দেওয়া হয়। শিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫২ শতাংশই শিশু। আর মোট নিবন্ধিত রোহিঙ্গার ১৪ শতাংশের বয়স ১ থেকে ৪ বছর। শিবিরের ভেতরের একটি হাসপাতালের একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, এই ৩ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩১৫ টাকার মতো) দিয়ে আসলে তেমন কিছু হয় না।
মানুষের মৌলিক অধিকারের একটি বস্ত্র। তবে আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের জন্য নিয়মিতভাবে কাপড় দেওয়ার ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রে সব প্রয়োজনীয় ওষুধও শিবিরে বিনা মূল্যে পাওয়া যায় না। খাবারের জন্য বরাদ্দও অপ্রতুল। সব মিলিয়ে বাড়তি আয়ের দিকে ঝুঁকতে হয় রোহিঙ্গাদের। ক্যাম্পের ভেতরে বিভিন্নভাবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আয় করার সুযোগ আছে। তবে সেটি সীমিত।
নিয়মিত সহায়তা পাওয়ার পরও কেন অনেককে শিবিরের বাইরে গিয়ে কাজ করতে হয় বা টাকার প্রয়োজন হয়, এমন প্রশ্নের জবাবে ক্যাম্পের বাসিন্দা মো. রাজি প্রথম আলোকে বলেন, যে সহায়তা দেওয়া হয়, তাতে কুলায় না। প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধগুলো এখানে পাওয়া যায়। বাইরে গিয়ে অন্যান্য ওষুধ কিনতে হয়, বাচ্চাদের জন্য জামাকাপড় কিনতে হয়। প্রায় প্রতিবছর ঘর সংস্কার করতে হয়। যে কারণে কিছু মানুষ আশপাশের গ্রামে গিয়ে কাজ করেন।
তহবিল জোগাড়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে
২০১৭ সালে নিজ দেশ মিয়ানমার থেকে নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে এসেছেন খায়ের হোসেন ও মো. রাজি। তাঁদের মতো লাখ লাখ রোহিঙ্গা আসেন ওই সময়। এর আগেও অনেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, এখন বাংলাদেশের আশ্রয়শিবিরগুলোতে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৯ লাখ ৫৪ হাজার ৭০৭। তবে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে এ সংখ্যা ১২ লাখের বেশি বলে উল্লেখ করা হয়।
মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়ার পাঁচ বছর হয়ে গেছে। শুরুতে নাফ নদীর এ পারে বাংলাদেশের মানুষের মধ্যে রোহিঙ্গাদের জন্য যে সহমর্মিতা ও সহানুভূতি দেখা গিয়েছিল, ক্রমে তাতে ভাটা পড়েছে। সংকট দীর্ঘস্থায়ী হওয়ায় আন্তর্জাতিক পর্যায় থেকে মানবিক সহায়তাও কমে আসছে। রোহিঙ্গাদের জন্য যে তহবিল সংগ্রহ করা হয়, তাতে বিশ্বের বিভিন্ন উন্নত দেশ ও সংস্থাগুলো সহায়তা দেয়। কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, সর্বোপরি অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে সামনে তহবিল আরও কমে আসার আশঙ্কা আছে। এতে বিভিন্ন খাতে সহায়তা আরও কমে আসবে।
কক্সবাজারে ইউএনএইচসিআরের হেড অব অপারেশনস ইয়োকো আকাসাকা প্রথম আলোকে বলেন, তহবিল কমে যাওয়া মানে গত বছর শরণার্থীদের যেসব সহায়তা দেওয়া হয়েছে, এ বছর সেটা দেওয়া সম্ভব হবে না। এটা একটা চ্যালেঞ্জ, আর এটাই বাস্তবতা। তিনি মনে করেন, এর কিছু পরিণতি দেখা যাবে, কিন্তু সেটা কী, তা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তিনি বলেন, তহবিল জোগাড়ে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সামনের দিনে কর্মসূচি বাস্তবায়নে আরও দক্ষতার সঙ্গে কার্যকরভাবে খরচ করা এবং সহনশীলতার ওপর জোর দিতে হবে। অগ্রাধিকারমূলক কর্মসূচি নিতে হবে।