শহর পরিচ্ছন্ন রাখা শুধু সরকার নয়, নাগরিকেরও দায়িত্ব: প্রধানমন্ত্রী
টিভির পর্দায় বিদেশের ঝকঝকে সড়ক দেখে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে—আমাদের রাস্তা এমন পরিচ্ছন্ন হয় না কেন? রাজধানীর জুরাইনে দাঁড়িয়ে সেই প্রশ্নের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রশ্নটি উল্লেখ করেই থেমে থাকেননি তিনি। শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যে শুধু সিটি করপোরেশন বা সরকারের নয়, নাগরিকেরও—সে কথাই সহজ উদাহরণে তুলে ধরলেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে খিলগাঁও ও জুরাইন এলাকায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে শহর পরিচ্ছন্ন রাখা নিয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যে দেশের রাস্তাঘাট পরিষ্কার, সে দেশের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা যেমন কাজ করেন, তেমনি সে দেশের মানুষও যেখানে–সেখানে ময়লা ফেলেন না। তাঁর ভাষায়, এ কাজ করতে ‘সরকারের কেউ হওয়ার দরকার নেই। এমপি হওয়ার দরকার নেই। মন্ত্রী হওয়ার দরকার নেই। মেয়র হওয়ার দরকার নেই। ওয়ার্ড কমিশনার হওয়ার দরকার নেই।’
নাগরিক হিসেবে প্রত্যেকে কীভাবে শহর পরিচ্ছন্ন রাখতে পারেন, তার উদাহরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ময়লাটা আপনার পকেটে নিয়ে নেন। যদি টিস্যু পেপার থাকে, কিছু থাকে, ময়লা নেন। বাদাম খাবেন, তখন বাদামের খোসাটা এমনভাবে এক জায়গায় ফেলেন, যাতে জায়গাটা ময়লা না হয়।’
নিজের পোশাকে দাগ লাগার সঙ্গে শহর নোংরা হওয়ার তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, পরিষ্কার শার্টে চা বা খাবারের দাগ পড়লে যেমন খারাপ লাগে, তেমনি বসবাসের জায়গা ময়লা থাকলেও অস্বস্তি হওয়ার কথা। তিনি বলেন, সবাই মিলে চেষ্টা করলে দেশকে সুন্দরভাবে গুছিয়ে তোলা সম্ভব।
এর আগে আজ সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন রাজধানী উচ্চবিদ্যালয় মাঠ থেকে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেন। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন তিনি।
মানিক মিয়া অ্যাভিনিউ, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, খিলগাঁও, জুরাইন, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পৃথক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
কম ময়লা করলেই শহর পরিচ্ছন্ন থাকবে
খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে দেওয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, আমরা যারা বাংলাদেশের নাগরিক, এটি আমাদের দেশ, এটি আমাদের শহর। অবশ্যই সিটি করপোরেশনের দায়িত্ব রয়েছে, তারা তাদের কাজ করছে। কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে, আমরা যেন যতটা সম্ভব কম ময়লা করি। তাহলেই শহর আরও পরিচ্ছন্ন থাকবে।’
প্রধানমন্ত্রী বলেন, শহর পরিষ্কার থাকলে নাগরিকদের চলাফেরায় যেমন সুবিধা হবে, তেমনি পরিবেশও ভালো থাকবে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের কাজও সহজ হবে।
অসহায়ের পাশে দাঁড়ানোর আহ্বান
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে প্রধানমন্ত্রী শুধু পরিচ্ছন্নতার কথাই বলেননি; অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান। বিভিন্ন স্থানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সমাজের সচ্ছল ও সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে মানুষের কষ্ট কমানো সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের নাগরিক হিসেবে সচ্ছল ব্যক্তিরাও যদি একইভাবে এগিয়ে আসেন, তাহলে আমরা দ্রুতই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারব।’ তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজের অবস্থান থেকে একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে দেশের চেহারা এবং মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও শুকনা খাবার বিতরণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বিএনপির নেতা–কর্মীদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। দলের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা হয়। তবে শুধু দলের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত উদ্যোগেও যেন নেতা–কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়ান, সে আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, ‘এটাই শহীদ জিয়ার শিক্ষা।’
বিভিন্ন স্থানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি শুরু করেছিলেন। তাঁর আদর্শ ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং কাজের মাধ্যমে দেশ গঠন করা। তাই জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মানুষের চলাচলে অসুবিধা হওয়ায় কর্মসূচি সংক্ষিপ্ত
রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত কর্মসূচির কারণে মানুষের চলাচলের অসুবিধার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘যেহেতু আজকের এ অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, দেখুন কত গাড়ি চলাচল করছে, মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। সে কারণে আমরা কর্মসূচিটি সংক্ষিপ্ত করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরকে সাহায্য–সহযোগিতা করতে হবে। একজন নাগরিক হিসেবে সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়ালে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
দেশ গঠনে সবার অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটি কারও একার নয়। দেশটি যেমন কোনো সরকারের একার নয়, দেশটি যেমন কোনো রাজনৈতিক দলের একার নয়, দেশটি কোনো পরিবার বা কোনো ব্যক্তির একার নয়।’ তিনি বলেন, দেশটি বাংলাদেশে বসবাসকারী মানুষের; প্রত্যেকেই এই দেশের মালিক। তাই দেশকে গড়ে তুলতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। সরকার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে সচ্ছল মানুষের সংখ্যা বাড়ানো, কর্মসংস্থান তৈরি এবং শিক্ষাসুবিধা বৃদ্ধির চেষ্টা করবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিজ অবস্থান থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করবে।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন
দিনের কর্মসূচি শুরুর আগে আজ বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তাঁর সঙ্গে ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, এ্যাব, ওলামা দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতা–কর্মীরা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গসংগঠনগুলো গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করে। দিবসটি উপলক্ষে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। বিএনপি দিনটি তাঁর ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে। প্রয়াত রাষ্ট্রপতির শাহাদাতবার্ষিকী ঘিরে ২৫ মে থেকে বিএনপি আট দিনের কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।