চট্টগ্রামের ‘নির্ভার’ ছয় প্রার্থীও জোর প্রচারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম ফজলে করিম চৌধুরী ও এস এম আল মামুন

নির্বাচনের মাঠে বিরোধী দলের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীও নেই। ভোটযুদ্ধে যাঁরা আছেন, তাঁদের সাংগঠনিক ভিত্তিও দুর্বল। প্রচার-প্রচারণায় তেমন সক্রিয় নন। নির্বাচনী এলাকায় খুব একটা দেখা মিলছে না তাঁদের। শক্ত প্রার্থী না থাকায় চট্টগ্রামের ছয় আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা অনেকটাই নির্ভার।

এই প্রার্থীদের জয়ের ব্যাপারে তেমন কোনো সংশয় নেই বলে ভোটারদের ধারণা। এরপরেও তাঁরা প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। মূলত কেন্দ্রে ভোটারদের নিয়ে আসতে নেতা-কর্মীদের নিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে।

চট্টগ্রামে মোট ১৬টি আসন রয়েছে। এর মধ্যে ১০টি আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। নির্বাচন নিয়ে নির্ভার থাকা ছয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন প্রার্থী আছেন। তাঁরা হলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনের এস এম আল মামুন, চট্টগ্রাম-৬ (রাউজান) এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আর চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনের জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ।

এই ছয়টি আসনে মোট প্রার্থী আছেন ৪১ জন। কিন্তু প্রচার-প্রচারণায় অর্ধেকেরও বেশি প্রার্থীর দেখা মিলছে না। এর বাইরে যাঁদের পোস্টার-ব্যানার রয়েছে, প্রচার-প্রচারণা যা চলছে, তা-ও উল্লেখ করার মতো নয়। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা নিয়মিত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নৌকার পক্ষে প্রতিদিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পথসভাও করছেন বিভিন্ন এলাকায়। এই আসনে মোট প্রার্থী ছয়জন। নৌকার পাশাপাশি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইকবাল হাছান ও জাতীয় পার্টির মুছা আহমেদের কিছু প্রচারণা দেখা যাচ্ছে। বাকি প্রার্থীদের দেখা নেই।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে একমাত্র শক্তিশালী প্রার্থী হিসেবে আছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগের এই প্রার্থীর পোস্টার-ব্যানার রয়েছে বেশি। নিজে উপস্থিত থেকে দুই উপজেলায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এই আসনে মোট প্রার্থী আছেন সাতজন। সাইফুজ্জামান চৌধুরী ছাড়াও স্বল্প পরিসরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী, তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মো. আবুল হোসেন। তবে প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আরিফ মঈন উদ্দিনকে। তাঁদের দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম-৯ আসনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রতিদিন নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এই আসনে মহিবুল ছাড়া অন্য ছয় প্রার্থীদের তেমন কোনো উপস্থিতি নেই।
চট্টগ্রাম-৬ আসনে ভোটের মাঠে আছেন শুধু আওয়ামী লীগের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি প্রতিদিনই নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। প্রচারণা শুরুর পর তিনি ছাড়া অন্য চার প্রার্থীকে খুব একটা মাঠে দেখা যায়নি।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, তিনি প্রতিদিনই ভোটারদের কাছে যাচ্ছেন। মানুষের সাড়া পাচ্ছেন। বিপুল ভোটে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী। এই আসনে ৭০ শতাংশ ভোট পড়বে। আর অন্য প্রার্থীরা কেন নির্বাচনের মাঠে নেই, তা তিনি জানেন না। তবে অন্য প্রার্থীদের পোস্টার-ব্যানার দেখা যাচ্ছে।

চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। উপজেলা চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়ে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হন। এখানে মোট আটজন প্রার্থী রয়েছেন। কিন্তু নৌকা ছাড়া এলাকায় আর কোনো প্রার্থীর সেভাবে কোনো প্রচারণা নেই। এস এম আল মামুন বলেন, নির্বাচন উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক হবে।

চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ টানা তিনবারের সংসদ সদস্য। আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। তারপরও এখানে আওয়ামী লীগের মুহাম্মদ শাহজাহান চৌধুরী ও নাছির হায়দার করিম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করছেন চাকসু ভিপি নাজিম উদ্দিন। তবে তাঁরা অতটা বেশি প্রভাব ফেলতে পারছেন না। এখানে জাপা প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের একটি অংশ কাজ করছে।