গাজীপুরের ১৯২টি পুকুরের বর্তমান অবস্থা ও দখলদারের তালিকা দাখিলে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

গাজীপুর জেলার ১৯২টি পুকুর আংশিক বা সম্পূর্ণ দখলদারদের তালিকাসহ বর্তমান অবস্থাসংবলিত প্রতিবেদন তৈরি এবং দখলদার উচ্ছেদ ও পুনরুদ্ধারে একটি কর্মপরিকল্পনা তৈরি করে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, গাজীপুরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ‘গাজীপুরে পুকুর–১: ১৯২ সরকারি পুকুর বেদখল’ শিরোনামে গত বছরের ৩ জুলাই প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ওই রিটটি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধূরী, সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।

প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে দখল করা ১৯২টি পুকুরসহ গাজীপুর জেলার ৮৮৭টি সরকারি খাস পুকুরের অবস্থানসহ (মৌজার নাম, দাগ নম্বরসহ) পূর্ণাঙ্গ তালিকা, দখলদারদের তালিকা এবং ইজারা দেওয়া হলে ইজারা গ্রহীতাদের তালিকা দিতে অনুরোধ করে বেলা ১৪ ফেব্রুয়ারি গাজীপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল। এ আবেদন নিষ্পত্তি করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া রুলে গাজীপুর জেলার ১৯২টি পুকুর অননুমোদিত ভরাট, দখল, শ্রেণি পরিবর্তন ও দূষণ রোধে বিবাদীদের ব্যর্থতা কেন আইনবহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে জনগণের সর্বোত্তম স্বার্থে ১৯২টি পুকুর পুনরুদ্ধার এবং ৮৮৭টি পুকুর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও রুলে জানতে চাওয়া হয়েছে। ভূমিসচিব, পরিবেশসচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর জেলা প্রশাসকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।  

বেলা জানায়, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর ২০০৯ সালের তথ্য অধিকার আইনে ৮৮৭টি পুকুরের অবস্থানসহ (মৌজার নাম, দাগ নম্বরসহ) পূর্ণাঙ্গ তালিকা চেয়ে গত ৩ জুলাই দায়িত্বপ্রাপ্ত জেলা তথ্য প্রদানকারী কর্মকর্তা বরাবর আবেদন করে বেলা। এর জবাব না পাওয়ায় গত বছরের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করা হয়। এরপরও তথ্য না পাওয়ায় গত বছরের ১৩ নভেম্বর বিভাগীয় কমিশনার ও আপিল কর্মকর্তা বরাবর আপিল করে বেলা।

আপিল আবেদনটি গ্রহণ করে আপিল কর্মকর্তা সংশ্লিষ্ট জেলা তথ্য কর্মকর্তাকে তথ্য দিতে নির্দেশ দেন। এ নির্দেশের পর দুই মাস গেলেও তথ্য প্রদানকারী কর্মকর্তা তথ্য দেননি। এ অবস্থায় ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর আরেকটি আবেদন করে বেলা।