টিপু মুনশি, মুজিবুল হক, শাহরিয়ার আলমসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাত ব্যক্তির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ বিশেষ জজ শিহাবুল ইসলাম আজ রোববার এ আদেশ দেন।
অন্য যাঁদের আয়কর নথি জব্দের আদেশ হয়েছে, তাঁরা হলেন—টিপু মুনশির স্ত্রী মালবিকা মুনশি, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদনে এই সাতজনের আয়কর নথি জব্দের আদেশ চান। আদালত সেসব আবেদন মঞ্জুর করেন।
ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে এই সাতজনের বিরুদ্ধে মামলা আছে। মামলা তদন্তের স্বার্থে তাঁদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তাদের আবেদনে উল্লেখ করা হয়।