জয়দেবপুর-পঞ্চগড় রুটে ঈদের বিশেষ ট্রেন চালু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত পাঁচ দিন ঈদের সিশেষ ট্রেন চলাচল করবে। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে জয়দেবপুর স্টেশন থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নামে ঈদের বিশেষ ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাবে। পোশাকশ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জয়দেবপুর থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের চাপ ঈদে বেশি থাকে। এ জন্য ঈদের আগে আজ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নামে ঈদের বিশেষ ট্রেনটি জয়দেবপুর-পঞ্চগড় রুটে চলাচল করবে।

ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে গিয়ে পরদিন ভোর ৫টা ২৫ মিনিটে পঞ্চগড় পৌঁছাবে। ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ৩টা ৪৫ মিনিটে।

ট্রেনটি যাত্রাপথে কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট এবং সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করবে। ৭ এপ্রিল থেকে অগ্রিম টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, ঈদের বিশেষ ট্রেনের সঙ্গে অন্যান্য দিনের মতো ৬২টি ট্রেন নির্ধারিত সময়সূচি মেনে চলাচল করবে। আজ সন্ধ্যায় বিশেষ ট্রেন চলাচল উদ্বোধনের সময় রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।