জাপানি দুই শিশু
বাবার করা আপিল ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ, দুপক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে হবে
জাপান থেকে আসা দুই শিশুর হেফাজত নিয়ে তাদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের করা আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে ঢাকার জেলা জজ আদালতকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দুই পক্ষকে এ সময়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার পর্যবেক্ষণসহ এ আদেশ দেন।
শুনানিকালে আদালত বলেছেন, ‘সব সমাধান আদালতে হয় না। দুপক্ষই (শিশুদের বাবা ও মা) ডেসপারেট। আমাদের সমস্যায় পড়তে হয়।’
আইনজীবীদের তথ্যমতে, আদালতের অনুমতি ছাড়া জাপান থেকে আসা দুই শিশুকে দেশের বাইরে না নেওয়ার বিষয়ে গত বছরের ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশের অংশবিশেষ পুনর্বিবেচনা চেয়ে এবং শিশুদের বাবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শিশুদের মা জাপানি নাগরিক এরিকো নাকানো আপিল বিভাগে পৃথক আবেদন করেন। আর শিশুদের মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শিশুদের বাবা ইমরান আপিল বিভাগে একটি আবেদন করেন।
পৃথক আবেদনের ওপর ২ মার্চ শুনানি নিয়ে আপিল বিভাগ আজ আদেশের জন্য দিন রাখেন। আবেদনগুলো নিষ্পত্তি করে পর্যবেক্ষণ ও নির্দেশসহ আদেশ দেন আপিল বিভাগ। আদালতে শিশুদের মায়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, আহসানুল করিম ও মোহাম্মদ শিশির মনির। বাবার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আখতার ইমাম, রাশনা ইমাম ও মোশতাক আহমেদ।
পরে আইনজীবী রাশনা ইমাম প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগের অনুমতি ছাড়া দুই শিশুকে দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না বলে গত বছরের ১৩ ফেব্রুয়ারির আদেশে বলা হয়েছিল। আপিল বিভাগের এই আদেশ অমান্য করে শিশুদের মা দুবার শিশুদের নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ জন্য এরিকোর আইনজীবী নিঃশর্ত ক্ষমা গ্রহণ করেছেন আপিল বিভাগ। আদালতের আদেশ ভঙ্গ করার চেষ্টা উল্লেখ করে আপিল বিভাগ এ বিষয়ে শিশুদের মা এরিকোকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছেন।’
আপিল বিভাগের আজকের স্থিতাবস্থার আদেশের ফলে দুই শিশু যেভাবে আছে, সেভাবেই থাকবে বলে জানান শিশুদের বাবার এই আইনজীবী। তিনি বলেন, ‘প্রথম সন্তান তার মায়ের কাছে ও দ্বিতীয় সন্তান তাদের বাবার কাছে আছে। জেলা জজ আদালতে থাকা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই তাদের নিয়ে দেশের বাইরে যেতে পারবে না।’
অবশ্য শিশুদের মায়ের আইনজীবী শিশির মনির বলেছেন, ‘শিশুদের বিদেশ নিয়ে যেতে আদালতের অনুমতির বিষয়টি নেই। তবে শিশুদের বাবার করা আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে জেলা জজকে নির্দেশ দিয়েছেন। এ সময়ে দুপক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।’
এর আগে শিশুদের মায়ের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ গত বছরের ১৩ ফেব্রুয়ারি আদেশ দেন। ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলাটির (শিশুদের বাবার করা) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের মা এরিকো নাকানোর হেফাজতে থাকবে বলে আদেশে বলা হয়। শিশুদের বাবা ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়। মামলার পারিপার্শ্বিকতা ও শিশুদের স্বার্থ বিবেচনায় শিশুদের এই আদালতের অনুমতি ছাড়া এখতিয়ারের বাইরে (দেশের বাইরে) নেওয়া যাবে না বলে আদেশে উল্লেখ করা হয়।
জাপানের নাগরিক নাকানো ও বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানের ২০০৮ সালের ১১ জুলাই বিয়ে হয়। তাঁদের তিন মেয়ে সন্তান রয়েছে। ২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর একই বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ছোট মেয়ে জাপানে রয়েছে। ইমরানের কাছ থেকে দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে ২০২১ সালের ১৯ আগস্ট রিট করেন এরিকো। অন্যদিকে, ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান।
এরিকো ও ইমরানের পৃথক রিটের ওপর শুনানি নিয়ে দুই শিশু তাদের বাবা ইমরানের হেফাজতে থাকবে বলে ২০২১ সালের ২১ নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এরিকো, যা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।
পরে আপিল বিভাগ দুই শিশুকে তাদের মায়ের কাছে রাখার আদেশ দেন। বাবা শিশুদের সঙ্গে নির্ধারিত সময়ে দেখা করতে পারবেন বলে আদেশে বলা হয়। পাশাপাশি আবেদনকারী পক্ষকে (শিশুদের মা) নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। শিশুদের মা গত বছরের ২ ফেব্রুয়ারি নিয়মিত লিভ টু আপিল করেন, যার ওপর গত বছরের ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন।
শিশুদের হেফাজত নিয়ে পারিবারিক আদালতে করা বাবার মামলা গত ২৯ জানুয়ারি খারিজ করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক। এর বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে আপিল করেন শিশুদের বাবা। এ মামলায় আগামী ২৫ মে শুনানির দিন রয়েছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী।