শ্রম ও মানবাধিকারের বিষয়ে সংস্কারে জোর ইইউ প্রতিনিধিদলের
বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপত্তার মান নিয়ে অগ্রগতির প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। দলটির মতে, আর্থসামাজিক অধিকারের ক্ষেত্রে কিছু ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করার মতো। তবে শ্রম ও মানবাধিকারের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। তাই শ্রম এবং মানবাধিকার ক্ষেত্রে প্রয়োজনীয় এসব সংস্কারের জন্য সরকারকে তাগিদ দিয়েছে।
ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের পাঁচ দিনের বাংলাদেশ সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিকেলে এই অভিমত দিয়েছে।
প্রতিনিধিদলটি আজ দুপুরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষসহ এবং শ্রম ও কর্মসংস্থানসচিব মো. এহছানে ইলাহীর সঙ্গে বৈঠক করে।
ইইউ প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর নিয়ে তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আর্থসামাজিক অধিকারের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হলেও শ্রম ও মানবাধিকার উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়ে গেছে। মানবাধিকারের ক্ষেত্রে ইবিএর মূল সনদগুলো মেনে চলার ক্ষেত্রে আরও উদ্যোগের প্রয়োজন। বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) বাস্তবায়ন, মতপ্রকাশ, সমাবেশ ও সংগঠিত হওয়ার স্বাধীনতার সুরক্ষা এবং নাগরিক সমাজের দায়িত্ব পালনের সহায়ক পরিবেশ সৃষ্টি করা। এ ক্ষেত্রে ইইউ বাংলাদেশকে ২০২৩ সালের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) বা সর্বজনীন নিয়মিত পর্যালোচনার সুপারিশ গ্রহণ করে তা বাস্তবায়নে উৎসাহিত করছে।
শ্রম অধিকারচর্চার বিষয়ে ইইউ প্রতিনিধিদলটি বাংলাদেশকে নীতি এবং তা বাস্তবায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা জোরদারের সুপারিশ করেছে। এ ছাড়া শ্রম খাতে জাতীয় কর্ম পরিকল্পনা (এনএপি) পুরোপুরি বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। বিশেষ করে ত্রিপক্ষীয় পরামর্শের মাধ্যমে সংগঠিত হওয়ার স্বাধীনতা, সম্মিলিত দর–কষাকষির এবং শ্রমিক ইউনিয়নগুলোর একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়ার বিষয়ে উল্লেখ করেছে।
বাংলাদেশ শ্রম আইনের সর্বশেষ সংশোধনীতে আংশিকভাবে ইইউ এবং আইএলওর উদ্বেগ দূর না করায় প্রতিনিধিদল উদ্বেগ প্রকাশ করেছে। এই লক্ষ্যে মিশন এসব উদ্বেগ দূর করার বিষয়ে দ্রুত বাংলাদেশ শ্রম আইনের আরও সংশোধনীর বিষয়ে সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায়। জাতীয় কর্মপরিকল্পনার অধীনে সম্মত সময়সূচিতে লক্ষ্য অর্জনে বিলম্ব হওয়ায় দ্রুত প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দিয়েছে।
পাওলা প্যাম্পালোনির বলেছেন, বাংলাদেশ সফর ইবিএর আওতায় মানবাধিকার এবং শ্রম অধিকার সুরক্ষার গুরুত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে যুক্ত হওয়ার একটি মূল্যবান সুযোগ দিয়েছে। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করার জন্য আমরা বাংলাদেশ সরকার, ব্যবসায়ী, নাগরিক সমাজ এবং ট্রেড ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’