চট্টগ্রাম মেট্রোরেলের জন্য এখনই উপযুক্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নেতারা
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগর এখনই মেট্রোরেলের জন্য উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নেতারা। তাই এই মুহূর্তে চট্টগ্রামে মেট্রোরেল চান না তাঁরা। এর পরিবর্তে যেসব রেললাইন আছে, সেগুলো সংস্কার করে সচল করা হোক। যাতে আশপাশের উপজেলার মানুষ ট্রেনে করে নগরে আসা-যাওয়া করতে পারেন।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নেতারা। ‘বন্দরনগরী সচল রাখতে পরিবহন খাতে সুচিন্তিত বিনিয়োগ—রেলব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ’ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চট্টগ্রামে মেট্রোরেল চান না উল্লেখ করে ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘না বুঝে না জেনে মেট্রোরেলের নির্মাণের কথা বলা হচ্ছে। মেট্রোরেল নির্মাণে খরচ কত? কারা বসাবেন, কারা সেবা দেবেন? মানুষ কি মেট্রোরেল চান? তা কখনো জিজ্ঞেস করা হয়নি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়, কিন্তু যাঁরা এর অংশীজন, সেসব নাগরিকের কোনো মতামত নেওয়া হয়নি। মানুষের মতামত না নিয়ে উড়ালসড়ক, মেট্রোরেল তৈরি করা হচ্ছে।’

গত বছরের নভেম্বরে চট্টগ্রাম শহরে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নেয় সরকার। মেট্রোরেল চালু করার আগে প্রাথমিক সমীক্ষা পরিচালনার জন্য ৭০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়।

‘ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাকশন ফর চিটাগাং মেট্রোপলিটন এরিয়া’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। প্রকল্পটি শুরুর সময় ধরা হয়েছে গত বছরের অক্টোবর, যা শেষ হবে ২০২৫ সালের মার্চে। ৭০ কোটি টাকার এই প্রকল্পে কোরিয়ার সাহায্য সংস্থা কইকা দেবে ৫৭ কোটি টাকা।

সরকার রেলব্যবস্থা উন্নত না করে দেশের মানুষকে উড়ালসড়ক ও মেট্রোরেলের মতো নতুন নতুন জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, পরিকল্পনা ছাড়া উড়ালসড়ক করায় এখন ওঠা-নামায় জট হয়। কিন্তু যাঁরা এসব নির্মাণ করেন তাঁরা মনে করেন, উড়ালসড়ক উন্নয়নের প্রতীক। এসব ব্যাপারে বলতে গেলে তাঁদের (ফোরামের নেতাদের) উন্নয়নবিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়।

রেল পরিচালনায় বিভিন্ন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফোরামের সভাপতি মুহাম্মদ সিকান্দার খান বলেন, কম খরচ ও সহজ যাতায়াতের প্রধান মাধ্যম রেল। যদি সুযোগ-সুবিধা নিশ্চিত করা যেত, তাহলে মানুষ ট্রেনেই যাতায়াত করতেন। কিন্তু রেলের উন্নয়নে কোনো সরকার নজর দেয়নি। এটি সরকারের অযোগ্যতা। আর এর মাধ্যমে রেলব্যবস্থাকে গুঁড়িয়ে দিয়ে বেসরকারি পরিবহন ব্যবসাকে চাঙা করা হয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ফোরামের সদস্য ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান নগর-পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ব্রিটিশ আমলে চট্টগ্রামের সঙ্গে নাজিরহাট ও দোহাজারী পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়েছিল। এতে মানুষের সহজ যাতায়াতব্যবস্থা নিশ্চিত হয়েছিল। কিন্তু দেশভাগের পর পাকিস্তান আমলে আঞ্চলিক রেল যোগাযোগব্যবস্থাকে কম গুরুত্ব দেওয়া হয়। ফলে সাশ্রয়ী যোগাযোগের মাধ্যম হিসেবে রেলপথ তার গুরুত্ব হারায়।

বর্তমান পরিস্থিতি উল্লেখ করে শাহীনুল ইসলাম খান বলেন, চট্টগ্রাম শহরের সঙ্গে শহরতলি এলাকার বহুমুখী যোগাযোগব্যবস্থা গড়ে ওঠায় সড়কপথে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে যাতায়াত সময় বেশি লাগছে। মানুষের শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। যাতায়াতে সময় বেশি লাগার কারণে মানুষ নিজ এলাকায় বসবাস করে কর্মস্থলে যাতায়াতের সুযোগ নিতে পারছেন না।

এই অবস্থায় চট্টগ্রামের সঙ্গ সীতাকুণ্ড, পটিয়া, নাজিরহাট, হাটহাজারী, দোহাজারী ইত্যাদি এলাকার আঞ্চলিক রেলপথ সচলের দাবি জানান শাহীনুল ইসলাম খান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবকাঠামো রয়েছে। শুধু সংস্কারের জন্য টাকার প্রয়োজন হবে। দু-একটি জায়গায় অল্প দূরত্বের নতুন লাইন সম্প্রসারণে প্রয়োজন হতে পারে। এই ব্যবস্থা নিশ্চিত করা গেলে চট্টগ্রামে একটি জনবান্ধব, অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ও সাম্যতাভিত্তিক গণপরিবহনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এ জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা শফিক হায়দর চৌধুরী, সহসভাপতি সুভাষ বড়ুয়া, সাধারণ সম্পাদক জেরিনা হোসেন, সদস্য শাহরিয়ার খালেদ প্রমুখ।