হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বড়দারোগাহাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আজ বিকেলেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়দারোগাহাট পাইকারি হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষের লোকজন ফাঁকা গুলি ছোড়ে এবং একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছেন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর রহমত নগরের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ জয়নাল ও জহিরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, বাজার দখলকে কেন্দ্র করে বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সালাম ও যুবদলের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ ইসমাইলের পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।

বারৈয়ারঢালা ইউনিয়নের বড়দারোগাহাট বাজার উপজেলার সবচেয়ে বড় পাইকারি বাজার। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দুই দিন এখানে পাইকারি হাট বসে। এ ছাড়া প্রতিদিন বাজার বসে।

এই বাজারের বর্তমান ইজারাদার বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দেন।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত বুধবার বাজার উন্মুক্ত ইজারা দেওয়া হয়। হাটে হাসিল তুলছিলেন ইজারা পাওয়া লোকজন। এ সময় আরেক পক্ষ এসে হাসিল তুলতে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় এক পক্ষ ফাঁকা গুলি ছুড়তে থাকে এবং একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল বলেন, ‘আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলামের কাছ থেকে বাজারটি মিরসরাইয়ের বিএনপি নেতা তোবারক আলী নিয়ে নেন। আমরা তাঁর কাছ থেকে বাজারটি নিয়ে ছোট ছোট অংশে ভাগ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দিয়েছি। আজ হাটবারে ইজারাদারেরা হাসিল তুলতে গেলে নুরুন্নবী সালামের লোকজন বাধা দেন। একপর্যায়ে তাঁরা অস্ত্রশস্ত্র নিয়ে হাসিল তুলতে যাওয়া লোকজনের ওপর হামলা করেন। সাইদুলের ফেলে যাওয়া অস্ত্রগুলো ব্যবহার করে নুরুন্নবী সালাম এই হামলা চালান। আমি তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ তিনি দাবি করেন, আটক তিনজন নুরুন্নবী সালামের অনুসারী।

অভিযোগ অস্বীকার করেছেন নুরুন্নবী সালাম। তিনি প্রথম আলোকে বলেন, তিনি একজন ব্যবসায়ী। তিনি দারোগাহাট বাজারের ইজারার সঙ্গে সম্পৃক্ত নন। কিন্তু তিনি শুনেছেন বড়দারোগাহাটে দুই পক্ষের হামলার ঘটনায় তাঁকে জড়িয়ে বক্তব্য দিচ্ছেন যুবদল নেতা মো. ইসমাইল। তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার প্রথম আলোকে বলেন, বাজার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি একনলা বন্দুকসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করবে।