ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর এজলাসে হট্টগোল, বিচারক ও আদালতের কর্মচারীদের ‘গালিগালাজ ও অশালীন আচরণের’ অভিযোগকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ তিন আইনজীবী হাইকোর্টে হাজিরা দিয়েছেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার তাঁরা হাজির হন। তাঁদের আইনজীবীর উদ্দেশে আদালত বলেছেন, ‘আপনারা জবাব দেবেন না, আমরা শুনানি করব না কেন?’
এর আগে গত ২ জানুয়ারি ওই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর এজলাসে হট্টগোল, বিচারক ও আদালতের কর্মচারীদের ‘গালিগালাজ ও অশালীন আচরণের’ অভিযোগ উত্থাপিত হলে ৫ জানুয়ারি হাইকোর্ট আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত রুল দেন।
একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ তিন আইনজীবীকে তাঁদের ভূমিকা ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি হাজির হতে নির্দেশ দেন। ধার্য তারিখে তিন আইনজীবী আদালতে হাজির হন। সেদিন তাঁদের পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৪ ফেব্রুয়ারি দিন রাখেন। এদিন তাঁদের পক্ষে সময়ের আরজি জানানো হলে আদালত ২৬ ফেব্রুয়ারি দিন রাখেন। সেদিনও তাঁদের পক্ষে সময়ের আরজির জানানো হলে আদালত ৯ মার্চ (আজ) দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে। আজ সকালে তিন আইনজীবী আদালতে হাজির হন। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানভীর ভূঞা, মো. আক্কাস আলী ও আইনজীবী জুবায়ের ইসলাম।
আদালতে তিন আইনজীবীর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ সাঈদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
‘এগুলো ল’ ইয়ার’
ক্রম অনুসারে বিষয়টি উঠলে মোমতাজ উদ্দিন ফকিরের (সমিতির এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী) উদ্দেশে আদালত বলেন, ‘নির্বাচন বাদ দিয়ে কী জন্য সকাল থেকে বসে আছেন?’ তখন মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘ল’ ইয়ার (আইনজীবী) তো মাই লর্ড।’ আদালত বলেন, ‘ল’ ইয়ার কী, এগুলো ল’ ইয়ার? কোনো জবাব দিচ্ছেন না। আমরা আগামী সপ্তাহে নির্ধারণ করে শুনানি করে ফেলব।’
একপর্যায়ে মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘আগামী ২৮ তারিখে আরেকটি (আদালত অবমাননা–সংক্রান্ত) মামলা আছে।’ আজকের মামলাটি প্রসঙ্গে আদালত বলেন, ‘আপনারা জবাব দেবেন না, আমরা শুনানি করব না কেন? ২৯ মার্চ রাখছি। সেদিন জবাব না পেলে দিন নির্ধারণ করে শুনানি করা হবে।’