সড়কে গাড়ির জট, কষ্টে মানুষ
বেসরকারি চাকরিজীবী আবদুল্লাহ আল মামুনের অফিস চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মোড় এলাকায়। অফিসের প্রয়োজনে গিয়েছিলেন তিন কিলোমিটার দূরে লালখান বাজারে। সেখান থেকে কাজ শেষে অফিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিকেল সোয়া পাঁচটায়। অফিসে ফিরতে গিয়ে মুখোমুখি হন যানজটের। ইফতারের ঠিক আগমুহূর্তে অফিসে পৌঁছতে সক্ষম হন তিনি। মোটরসাইকেল করে তিন কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর সময় লাগে ৫০ মিনিট।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছিল। অফিস ছুটির পর যানজট হওয়ায় ভোগান্তিতে পড়েন ঘরমুখী মানুষ। পবিত্র রমজানের কারণে এখন বেলা ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে সরকারি-বেসরকারি অফিস ছুটি হয়ে যায়। আবার কিছু কিছু অফিস সন্ধ্যার পরও খোলা থাকে।
নগরের মূল সড়ক খ্যাত বিমানবন্দর সড়ক, শেখ মুজিব সড়ক ও সিডিএ অ্যাভিনিউতে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। আবার সিডিএ অ্যাভিনিউয়ের মুরাদপুর এলাকায় চলছে জলাবদ্ধতা নিরসনের কাজ। এসব নির্মাণকাজের কারণে মূল সড়কে বেশি যানজট সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। আর পুলিশ বলছে, সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় এবং একই সময়ে অফিস ছুটি হওয়ায় রাস্তায় গাড়ির চাপ বেড়েছে।
তবে নগরজুড়ে বিভিন্ন এলাকায় যানজট হলেও তা স্বীকার করেননি নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে খবর নিয়েছেন। তাঁরা যানজট নেই বলেছেন। তবে কিছু কিছু জায়গায় মন্থর গতিতে গাড়ি চলছিল। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় এবং একসঙ্গে সব অফিস ছুটি হওয়ায় গাড়ির চাপ বেড়েছে। আর পবিত্র রমজানের সময় যানজট নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
বেসরকারি চাকরিজীবী আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, লালখান বাজার থেকে আগ্রাবাদে যেতে সর্বোচ্চ ১০-১২ মিনিট সময় লাগে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে যেতে লেগেছে ৫০ মিনিট। প্রথম মূল সড়কে অনেকক্ষণ গাড়ি নিয়ে বসে থাকতে হয়েছিল। পরে শাখা সড়ক দেওয়ানহাট মোড় থেকে কদমতলী পর্যন্ত ডিটি সড়ক ব্যবহার করেন। সেখানেও যানজটে পড়েন। আবার কদমতলী থেকে চৌমুহনী পর্যন্ত পাঠানটুলীতেও গাড়ির জট লেগে ছিল। একেক জায়গায় ৮-১০ মিনিট করে বসে থাকতে হয়। আবার গাড়ি চললেও গতি ছিল একেবারে কম। এসব যানজটের বাধা পেরিয়ে অফিসে পৌঁছতে পৌঁছতে ইফতারের সময় হয়ে যায়।
আবদুল্লাহ আল মামুনের মতো ভোগান্তি পোহাতে হয়েছিল আরও অনেককেই। তাঁদের একজন চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানার কর্মকর্তা আতাউল্লাহ টিটু। নগরের চকবাজারে তাঁর বাসা। গতকাল বিকেলে ছুটি শেষে বেলা সাড়ে তিনটায় অফিস থেকে বের হন। কিন্তু চকবাজারে আসতে তাঁর সময় লাগে দুই ঘণ্টা। অন্যান্য দিন এক ঘণ্টার মধ্যে পৌঁছে যান। তিনি বলেন, বৃহস্পতিবার হওয়ায় রাস্তায় বেশি যানজট ছিল। প্রথমে সল্টগোলা ক্রসিং, এরপর কাস্টমস মোড়, বারিক বিল্ডিং মোড়ে জটে পড়েন। আর মাদারবাড়িতে প্রায় আধা ঘণ্টা গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে ছিল। অফিস থেকে বাসায় ফিরতে খুব কষ্ট হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় নগরের শেখ মুজিব সড়কের দেওয়ানহাট মোড়ে অবস্থান করে দেখা যায়, সড়কে দাঁড়িয়েছিল বিভিন্ন ধরনের যানবাহন। মাঝে মধ্যে চললেও গতি ছিল খুব কম। গাড়িতে যাত্রী ছিল পরিপূর্ণ। মোড়ে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন ৫০ থেকে ৬০ জন যাত্রী। গাড়ি আসলেই এতে ওঠার জন্য চেষ্টা করেন। কিন্তু অনেকেই আসন পাননি।
গাড়ির অপেক্ষায় ছিলেন খোরশেদ আলম। অফিসের কাজে নগরের দুই নম্বর গেট থেকে এসেছিলেন দেওয়ানহাটে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিন কিলোমিটার পথ আসতে তাঁর সময় লাগে আধা ঘণ্টা। কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য দেওয়ানহাটে অপেক্ষা করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টায় তিনি প্রথম আলোকে বলেন, আসতে গাড়ির জটে পড়েছিলেন। এখন যেতেও জটে পড়তে হবে। এখন ইফতারের আগে বাসায় পৌঁছতে পারলে হবে।
দেওয়ানহাট মোড়ে কথা হয় বাস চালক সহকারী মোহাম্মদ সরওয়ারের সঙ্গে। তিনি বলেন, আগ্রাবাদ থেকে দেওয়ানহাট পর্যন্ত দেড় কিলোমিটার আসতে তাঁদের আধা ঘণ্টা লাগছে। পুরো রাস্তাজুড়ে যানজট।
গতকাল নগরের কদমতলী এলাকায়ও যানজট দেখা যায়। সেখানে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন রাইড শেয়ারের মোটরসাইকেল চালক মোহাম্মদ জিয়াউল। তিনি বলেন, কিছুক্ষণ আগে মুরাদপুর থেকে যাত্রী নিয়ে এসেছেন। কিন্তু দুই নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার এলাকায় জটে পড়েছিলেন তিনি। এ জন্য দশ মিনিটের পথ আসতে তাঁর সময় লেগেছে আধা ঘণ্টা।