স্বেচ্ছাচারী গ্রেপ্তার রোধে জবাবদিহি জোরদারের আহ্বান

‘বাংলাদেশে গ্রেপ্তার ও আটক: প্রেক্ষাপট ও আইনগত বিশ্লেষণ’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা। দ্য ডেইলি স্টার সেন্টার, ঢাকা; ৪ এপ্রিল ২০২৬ছবি: ব্লাস্টের সৌজন্যে

স্বেচ্ছাচারী গ্রেপ্তার ও আটক রোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি জোরদার করা দরকার। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিপক্ষ হিসেবে না দেখে অন্তর্ভুক্তিমূলক সামাজিক সংস্কারের মধ্য দিয়েই এ সমস্যার সমাধান সম্ভব।

আজ শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান সম্মেলনকক্ষে ‘বাংলাদেশে গ্রেপ্তার ও আটক: প্রেক্ষাপট ও আইনগত বিশ্লেষণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এমন অভিমত উঠে এসেছে।

বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে আইনজীবী, গবেষক, শিক্ষাবিদ, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্লাস্ট।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার থেকে সুরক্ষা, গ্রেপ্তারের কারণ জানার অধিকার, বিচারিক নিয়ন্ত্রণ, নির্দোষ হিসেবে অনুমিত হওয়ার নীতি এবং ক্ষতিপূরণের অধিকারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আইনে দুর্বলতা যেমন আছে, তেমনি ইতিবাচক দিকও রয়েছে। তবে কার্যকর বাস্তবায়নের অভাবে বিচারব্যবস্থার সাফল্য অনেকাংশে সুশাসন নিশ্চিত করার সদিচ্ছার ওপর নির্ভর করছে। আগেভাগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করার সংস্কৃতি বন্ধ করারও আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের ডিন মো. নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, স্বীকারোক্তি হতে হয় স্বেচ্ছায় বা বিবেকের তাড়নায়। কিন্তু বাস্তবে পুলিশ হেফাজতে নেওয়ার পর প্রায় সবাই স্বীকারোক্তি দেন, যা রিমান্ড প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। তাঁর মতে, রিমান্ডে প্রাপ্ত স্বীকারোক্তি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

আইন প্রণয়নের চেয়ে বাস্তবায়নে ঘাটতির কারণে সংস্কার অনেক সময় কাগজেই সীমাবদ্ধ থাকে বলেও মন্তব্য করেন নাজমুজ্জামন ভূঁইয়া। তিনি আরও বলেন, বিচার বিভাগ, পুলিশ ও সরকার—কেউ কারও প্রতিপক্ষ নয়; সম্মিলিতভাবে কাজ করলেই মানবাধিকারভিত্তিক জবাবদিহিমূলক সমাজ গড়া সম্ভব।

মতবিনিময় সভায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও আটকের ভুক্তভোগীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ ধরনের ঘটনায় মামলা করার জন্য ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আদালতের আদেশ কার্যকরভাবে বাস্তবায়নে রাষ্ট্রীয় পদক্ষেপ প্রয়োজন। ভুক্তভোগীদের পুনর্বাসনেও রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মত দেন তাঁরা।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্বেচ্ছাচারী গ্রেপ্তার কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে বডি ক্যামেরা চালুর প্রস্তাব দেন। পাশাপাশি পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংরক্ষণ, সন্ধ্যায় আদালতে চালান দেওয়ার প্রচলন পুনর্বিবেচনা এবং পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণে আদালতের অনাগ্রহ দূর করার বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকর সম্পৃক্ততা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জবাবদিহি বৃদ্ধি, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বিচারিক জবাবদিহি শক্তিশালী করা এবং রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের নিরপেক্ষতা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহেদ ইকবালের সঞ্চালনায় সভার উদ্দেশ্য তুলে ধরেন ব্লাস্টের আইন বিভাগের পরিচালক মো. বরকত আলী। আলোচনায় আরও অংশ নেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সাবেক সদস্য আরমান হোসাইন, ব্র্যাক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. মোস্তফা হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার। ভুক্তভোগী হিসেবে অভিজ্ঞতা তুলে ধরেন লিমন হোসেন ও ইমতিয়াজ হোসেন রকি।