ডেঙ্গুতে ৫ রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৪ জন
দেশে আজ সোমবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টায় পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী। তাঁদের মধ্যে বরিশাল বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে দুজন করে চারজনের ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।
নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৭৯ জন ভর্তি হন ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে। এ ছাড়া ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৮, মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে ২৬০, চট্টগ্রামে ১৪৫, খুলনায় ১৪০, বরিশালে ৯০, রাজশাহীতে ৬৮, ময়মনসিংহে ৪৫, রংপুরে ১৬ ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
দেশে চলতি বছর এ পর্যন্ত ৩৬০ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭৩ হাজার ৫৮৭।