নিজের অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবল আহত
চট্টগ্রাম নগরে নিজের গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাঁর নাম প্রণব বড়ুয়া (২৬)। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নগরের ডিসি হিলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বাসভবনে সেন্ট্রি বক্সে গত রোববার দায়িত্বরত ছিলেন জেলা পুলিশের কনস্টেবল প্রণব। সেখানে তাঁদের জন্য থাকা ঘরের টয়লেটে নিজের কাছে থাকা চায়নিজ রাইফেলের গুলিতে আহত হন তিনি। তাঁর তলপেটে গুলি লাগে। আহত অবস্থায় ওই দিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। গতকাল রাতে বিষয়টি জানাজানি হয়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলাকে বলেন, পুলিশ রাইফেলটি জব্দ করেছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করতে নিজের তলপেটে নিজেই গুলি করেন কনস্টেবল প্রণব বড়ুয়া। ঘটনার কয়েক দিন আগে থেকেই তাঁর মন খারাপ ছিল। পুরোপুরি সুস্থ হওয়ার পর এ ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।