সরকারকে অপেক্ষায় থাকতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলেই প্রজ্ঞাপন জারি করে জ্বালানি তেলের দাম বাড়াতে পারে সরকার। এখন বিদ্যুৎ–গ্যাসের দামও একইভাবে বাড়াতে পারবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন সংশোধন করে নিজের কাছে এ ক্ষমতা নিয়েছে সরকার। বিদ্যুৎ–গ্যাসের দাম দ্রুত বাড়াতেই এটি করা হয়েছে বলে মনে করছেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা।

জ্বালানি ও বিদ্যুতের দাম সরাসরি বাড়ানো কিংবা কমানোর ক্ষমতা সরকারের কাছে আনতে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বিইআরসি আইন সংশোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ জারি করেন। এ–সংক্রান্ত গেজেটও গতকাল প্রকাশ করা হয়েছে।

এখন তাৎক্ষণিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে পারবে সরকার। এটা ভোক্তা অধিকারের পরিপন্থী।
ইজাজ হোসেন, জ্বালানিবিশেষজ্ঞ

জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আইন করা যায়। তবে অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপন করতে হয়।

সংশোধিত গেজেটে বলা হয়েছে, এ আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার গেজেটে প্রজ্ঞাপন দিয়ে ভর্তুকি সমন্বয়ের জন্য জনস্বার্থে কৃষি, শিল্প, সার, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজের চাহিদা অনুযায়ী এনার্জির (জ্বালানি) নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তাপর্যায়ে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে।

আরও পড়ুন

দাম নির্ধারণে বিইআরসির সময় নেওয়ার ক্ষেত্রেও সংশোধনী আনা হয়েছে। আগে গণশুনানির ৯০ দিনের মধ্যে দাম নির্ধারণ করার বাধ্যবাধকতা ছিল। এটি কমিয়ে ৬০ দিন করা হয়েছে।

বিইআরসি আইনের আওতায় জারি করা পৃথক প্রবিধানমালা মেনে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। তবে প্রবিধানমালা অনুমোদন না হওয়ায় জ্বালানি তেলের দাম নির্বাহী আদেশে বাড়িয়ে আসছে জ্বালানি মন্ত্রণালয়। আর বিদ্যুৎ ও গ্যাসের দাম গণশুনানির মাধ্যমে বাড়িয়ে থাকে বিইআরসি। এতে ৯০ দিন সময় লেগে যায় বলেই আইন সংশোধন করা হয়েছে।

তবে জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকার নিয়মিত ভর্তুকি দেয়। বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভর্তুকির পরিমাণ বাড়ছে। কিন্তু চাইলেও তাৎক্ষণিকভাবে দাম বাড়াতে পারে না সরকার। দাম বাড়াতে হলে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারকে যেতে হয়। এই সময়ের মধ্যে টাকার অঙ্কে ভর্তুকির পরিমাণ বাড়তে থাকে। এখন সেই সময় নিতে চাইছে না সরকার। তাই তাড়াহুড়া করে আইনটি সংশোধন করে নিজেদের কাছে দাম বাড়ানোর ক্ষমতা নিয়েছে।

এ ছাড়া বিইআরসির ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকায় এটি করা হয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, গত আগস্টে একলাফে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। এটা সম্ভব হয়েছে সরকার প্রজ্ঞাপন দিয়ে দাম বাড়ানোর কারণে। অন্যদিকে ১১৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসিতে আসার পর গ্যাসের দাম গত জুনে বেড়েছে ২৩ শতাংশ। ৬৬ শতাংশ দাম বাড়াতে এসে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে ২০ শতাংশ। আবার বিইআরসিতে দাম বাড়াতে এলে জ্বালানি খাতের অনিয়ম-অদক্ষতার বিষয়গুলোও সামনে চলে আসে। কিন্তু প্রজ্ঞাপন দিয়ে তাৎক্ষণিক দাম বাড়ানো হলে জবাবদিহির বিষয় থাকে না। সংশোধনীতে ‘বিশেষ পরিস্থিতির’ কথা বলা হলেও এটি পুরোপুরি সরকারের ইচ্ছার ওপর নির্ভর করবে।

এ বিষয়ে বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জ্বালানিবিশেষজ্ঞ ইজাজ হোসেন প্রথম আলোকে বলেন, এখন আর দাম বাড়াতে বিইআরসির ওপর নির্ভর করতে হবে না। আর বিইআরসিকে হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই দ্রুত দাম বাড়াতেই আইন সংশোধন করা হয়েছে। এখন তাৎক্ষণিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে পারবে সরকার। এটা ভোক্তা অধিকারের পরিপন্থী। এমন হলে বিইআরসি তৈরি করার কোনো দরকার ছিল না।