তিন দিনব্যাপী ‘আশার উৎসব’ করবে ব্র্যাক

সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানের শেষ পর্ব হিসেবে ‘হোপ ফেস্টিভ্যাল’ আয়োজন করছে ব্র্যাক
ছবি: সংগৃহীত

মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার গল্প নিয়ে ‘হোপ ফেস্টিভ্যাল’ বা আশার উৎসবের আয়োজন করতে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি এই উৎসব হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ব্র্যাকের কমিউনিকেশনস, পিপল অ্যান্ড কালচারের জ্যেষ্ঠ পরিচালক মৌটুসী কবীর।

২০২২ সালের ২১ মার্চ ব্র্যাক ৫০ বছর পূর্ণ করে। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানের শেষ পর্ব হিসেবে তারা ‘হোপ ফেস্টিভ্যাল’ আয়োজন করতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘আমরা বিশ্বাস করি, অংশীদারিত্ব ছাড়া কোনো সামাজিক পরিবর্তন সম্ভব নয়। বাধা মোকাবিলায় নতুন ও উদ্ভাবনী সমাধান নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এই উৎসবের মাধ্যমে আমরা আগামী দিনের পথচলায় ও সামাজিক সমস্যা সমাধানে সবাইকে যুক্ত করতে চাই।'

ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, ‘গত ৫০ বছরে দেশের মানুষ নিজেরাই তাদের জীবন পরিবর্তন করেছে। আমরা সেটাই এই উৎসবে তুলে ধরতে চাই।’

‘হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি’ ও ‘যে পৃথিবী আমরা গড়তে চাই’—তিন দিনে তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব হবে। ওয়েবসাইটে গিয়ে নিবন্ধনের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা কোনো প্রবেশমূল্য ছাড়াই উৎসবে অংশ নিতে পারবেন।

আজ থেকেই নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় প্রত্যেককে একটি সামাজিক সমস্যা বেছে নিতে অনুরোধ করা হবে, যার সমাধানে তিনি যুক্ত হতে চান। এই সমস্যা সমাধানে নিজের উদ্ভাবনী ধারণা তিনি নিবন্ধন পোর্টালের মাধ্যমে জমা দিতে পারবেন।

উৎসবে থাকবে আবহমান বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির সম্মিলন, পুঁথিপাঠ, গল্পপাঠের আসর, বায়োস্কোপ, পুতুলনাচ, শিশুদের খেলার জগৎ ও দিনব্যাপী নানা প্রদর্শনী।

দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে প্রতিদিনই অনুষ্ঠানের মূল মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে গয়না বানানো, কারিগর ও কার্টুনিস্টদের সঙ্গে আনন্দদায়ক কর্মশালায় যোগ দেওয়ার সুযোগ।

তিন দিনের অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনে অংশ নেবেন অভিনেতা ফজলুর রহমান বাবু, রকসংগীত তারকা জেমস, সংগীতশিল্পী অর্ণব। ওয়ারফেজ, লালন, নেমেসিস, আর্টসেলের মতো ব্যান্ড দল আয়োজনে অংশ নেবে।

ইতিবাচক সামাজিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘আমরা নতুন নেটওয়ার্ক ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড’-এর মাধ্যমে তরুণদের সম্মাননা জানানো হবে। এই সম্মাননার মাধ্যমে তৃণমূল থেকে সামাজিক উদ্যোক্তাদের তুলে আনা হবে।

থাকবে কর্মক্ষেত্রে নারীদের জন্য বিশেষ সম্মাননা ‘তাগা আউটস্ট্যান্ডিং ইয়ং প্রফেশনাল অ্যাওয়ার্ড’। উৎসবে সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকবে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো, অনুষ্ঠান পরিক্রমা, প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের অন্যতম মাধ্যম ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ শেখার সুযোগ।

উৎসব আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে বিকাশ, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফিন্যান্স ও ব্র্যাক ইউনিভার্সিটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম।