‘ঈদের দিন সারা দিন কানতাম, কাউরে বুঝতে দিতাম না’
‘ঈদের দিন সারা দিন কানতাম। কাউরে বুঝতে দিতাম না আরকি। বড় সন্তান ছিল না। অনেক কষ্টে ঈদের দিনটা কাটত।’ মুঠোফোনে কথাগুলো বলছিলেন শিশু সাইদুলের (১২) বাবা মোস্তফা কামাল।
সাইদুলের মা-বাবা থাকেন চট্টগ্রামে। সাইদুল হারিয়ে যাওয়ার পর আর কোনো ঈদে গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় যাননি তাঁরা। তবে এবার গ্রামের বাড়িতে ঈদ করবে পরিবারটি।
সাইদুলের মা ফাতেমা আক্তার বলছিলেন, ‘ও (সাইদুল) তো দাদা-দাদির খুব ভক্ত। ওর জন্যই আগেভাগে যাওয়া হতো। হারানোর পর আর যাইনি। ভালো লাগত না।’
গত ১৩ এপ্রিল ‘বাড়ি ফিরতে চায় সাইদুল’ শিরোনামে প্রথম আলোর ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। সেই পোস্টের সূত্র ধরে পাঁচ বছর পর মা-বাবার কাছে ফেরে এই কিশোর।
গত সোমবার মুঠোফোনে একাধিকবার সাইদুল ও তার মা-বাবার সঙ্গে কথা হয়। পাঁচ বছর পর পুরো পরিবার নিয়ে ঈদ করতে গ্রামে যাওয়ার আনন্দ প্রকাশ করেন সবাই।
‘একসঙ্গে নামাজে যাব’
মুঠোফোনে সাইদুলের উচ্ছ্বাস টের পাওয়া যাচ্ছিল। ‘কেমন আছ?’ সাইদুলের তাৎক্ষণিক জবাব, ‘অনেক ভালো, ভাই। আপনাদের কথা মনে পড়ে।’
ঈদে দাদা-দাদির কাছে ফিরতে উদগ্রীব সাইদুল। মুঠোফোনে দাদার কেনা কোরবানির গরু দেখেছে সে। ‘ঈদের দিন কী করবে?’ সাইদুল বলে, ‘ঈদের দিন বাবার সঙ্গে নামাজে যাব। দাদাও যাবে, সবাই একসঙ্গে।’
সাইদুলের ফুফুরা ওকে জানিয়েছেন, নতুন পোশাক কিনে রেখেছেন তাঁরা। ঈদের দিন সেটা পরবে সাইদুল।
চট্টগ্রামে বন্ধুদের সঙ্গে কোরবানির হাটে ঘুরেছে সাইদুল। প্রতিবেশীরা গরু কিনে দেখতে ডাক দেন। আনন্দ নিয়ে গরু দেখে বেড়ায় সে। প্রতিবেশী চাচা মোস্তফা হাট থেকে গরু এনে বলেছেন, ‘সাইদুল, গরু আনছি। গরুর সঙ্গে থাকবা, গোসল করাবা। এটা তোমারই গরু।’
আগের ঈদগুলোর স্মৃতি ভোলেনি সাইদুল। স্মৃতি হাতড়ে বলল, ‘ওই সময় মনে অনেক কষ্ট হইতো। তখন রাস্তায় থাকতাম। সবাই হয়তো ভাবত, আমি বাঁইচা নাই।’
সাইদুলের বাবা অসুস্থ থাকায় খুব একটা কথা বলতে পারছিলেন না। তিনি বলেন, ‘আমার আর বড় কিছু পাওয়ার নাই। ছেলেরে নিয়া ঈদ করব। এইটাই অনেক কিছু। অনেক খুশি।’
সাইদুলের মা ফাতেমা বলছিলেন, ‘আমাদের প্রতিবছর আশা থাকত, ছেলেরে পাব হয়তো। ওর সাথে ঈদ করতে পারব। এটা করতে করতে কতগুলা বছর পার হইলো। এত বছর পর ওরে পাইছি। ওর সাথে ঈদ করব। কী যে ভালো লাগতেছে!’
২০২১ সালে চট্টগ্রাম থেকে হারিয়ে যায় সাইদুল। তখন তাঁর বয়স ছিল সাত। সে ট্রেনে ঢাকায় চলে এসেছিল। প্রথম আলোর ফটোকার্ডের সূত্র ধরে মা–বাবা তার খোঁজ পান। পাঁচ বছর ঢাকার রাস্তায় কাটানোর পর গত এপ্রিলের মাঝামাঝি সময়ে পরিবারের কাছে ফিরে যায় সে।
কাজ ছেড়েছেন মা
ফাতেমা পোশাক কারখানায় কাজ করতেন। ছেলেকে দেখাশোনা করার জন্য সে কাজ ছেড়ে দিয়েছেন তিনি।
ফাতেমা বলেন, সাইদুলের বাবা সারা দিন বাইরে থাকেন। ছোট ভাই থাকে মাদ্রাসায়। বাসায় সাইদুলকে একা থাকতে হয়। তাই কাজ ছেড়েছেন তিনি।
তবে ফাতেমা কাজ ছাড়ায় সংসারে টানাটানি দেখা দিয়েছে তাদের। বাসাভাড়া, বিদ্যুৎ বিল এবং ছোট ছেলের মাদ্রাসার বেতনের কিছু টাকা বাকি পড়েছে। ফাতেমা বলছিলেন, সাইদুল যখন গ্রামে দাদা-দাদির সঙ্গে থাকবে, তখন আবার কাজ শুরু করবেন তিনি।
সাইদুলকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। চিকিৎসক জানিয়েছেন, তেমন কোনো সমস্যা নেই ওর। শুধু পুষ্টিকর খাবার খেতে হবে। মা-বাবা সে চেষ্টা করে যাচ্ছেন। ফাতেমা বলছিলেন, সাইদুলকে নিয়মিত ডিম-দুধ-ফল খাওয়ানোর চেষ্টা করছেন তাঁরা।
‘একটা গিফট আছে’
সাইদুলের অধিকাংশ সময় কাটে খেলাধুলায়। কিছুদিন আগে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পেয়েছিল সে। দিনের কিছু সময় বাবার দোকানে বসে কাটায়। বাসায় ফিরে ছোট ভাইয়ের সঙ্গে মুঠোফোনে কার্টুন দেখে।
এখনো স্কুলে ভর্তি হয়নি সাইদুল। তবে দ্রুত স্কুলে ফিরতে চায়। গল্পে গল্পে সে বলছিল, ‘ভাই, আমি যদি ভালো করে লেখাপড়া করি, ফুফুরা বলছে, আমার জন্য একটা গিফট আছে। কিন্তু সেটা কী, বলে নাই।’
বাবার কাছ থেকে সাইকেল পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে সাইদুল। ফাতেমা জানান, আরেকটু সময় নেবেন তাঁরা। তারপর সাইদুলকে কুমিল্লায় একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেবেন।