তদন্ত কমিশনের প্রতিবেদন
গুম হন নারীরা, রেহাই পায়নি কোলের শিশুও
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করছে কমিশন।
পরিবারের পুরুষ সদস্যদের কারণে নারীদের গুমের জন্য নিশানা করা হয়।
বন্দিশালার লেখা মুছতে কমিশনের পরিদর্শনের আগের দিনও দেয়ালে রং করা হয়।
সন্তানসহ তুলে নেওয়া এক নারী এখনো ফেরেননি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে পুরুষের পাশাপাশি নারীরাও গুমের শিকার হয়েছেন। কখনো কখনো মায়েদের সঙ্গে শিশুদেরও তুলে নিয়ে বন্দিশালায় আটকে রাখা হয়। বাদ যাননি অন্তঃসত্ত্বা নারীও। পুরুষ বন্দীকে মানসিক নির্যাতন করতে স্ত্রীকে আটকে রেখে কোলের সন্তানকে মায়ের দুধপান থেকে বিরত রাখতে বাধ্য করা হয়েছে।
গুমসংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর ভয়াবহ নির্যাতনের এসব তথ্য উঠে এসেছে।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল সোমবার রাতে প্রথম আলোকে বলেন, গত ১৪ ডিসেম্বর গুমসংক্রান্ত তদন্ত কমিশন ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ (সত্য উন্মোচন) শীর্ষক যে অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছিল, তার অপ্রকাশিত অংশ গতকাল প্রকাশ করা হয়েছে। রোববার গুমসংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তদন্তের অগ্রগতি তুলে ধরে। বৈঠকের পর জানানো হয়, প্রধান উপদেষ্টা শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন।
গুমসংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে আরেকটি অংশ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গতকাল প্রকাশিত প্রতিবেদনে অন্তত চারজন নারীর গুমের ঘটনা তুলে ধরা হয়েছে। এই নারীদের মধ্যে একজন এখনো ফিরে আসেননি। প্রতিবেদনে কমিশন জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যদের কারণে নারীদের গুমের জন্য নিশানা করা হয়। অনেক ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগে, বিশেষ করে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীদের তুলে নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই ও মনগড়া অভিযোগে তাঁদের তুলে নেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের চেয়ে পুরুষদের গুমের শিকার হওয়ার বেশি ঘটনা পাওয়া গেছে। তবে নারীরা গুমের শিকার হলেও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে এ নিয়ে তাঁরা মুখ খোলেননি। এরপরও গুমের শিকার কিছু নারী তাঁদের তুলে নেওয়া ও বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিজ্ঞতা কমিশনের কাছে তুলে ধরেছেন।
গুমের এমন ঘটনা কমিশন পেয়েছে, যেখানে মায়েদের সঙ্গে তাঁদের সন্তানদেরও তুলে নিয়ে গেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এমন এক নারীর সঙ্গে কমিশন কথা বলেছে। ওই নারীকে অন্তঃসত্ত্বা অবস্থায় তুলে নিয়ে এক মাস বন্দিশালায় আটকে রাখা হয়। ওই নারীর সঙ্গে তাঁর তিন বছর ও দেড় বছরের দুই সন্তানও ছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় নিরাপত্তা বাহিনীর একজন পুরুষ সদস্য তাঁকে মারধর করেন।
প্রতিবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বা নারীর ওই ঘটনা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। ঘটনা আরও আছে। এক নারীকে তাঁর ছয় বছরের সন্তানসহ তুলে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ওই সন্তানের সঙ্গে কথা বলেছে কমিশন।
গত ২৭ আগস্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গুমসংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলোর তদন্ত করছে। ১৪ ডিসেম্বর কমিশনের দেওয়া অন্তর্বর্তী প্রতিবেদনে গুমের বিভিন্ন ঘটনায় নির্দেশদাতা হিসেবে ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথাও তুলে ধরা হয়েছে।
অন্তর্বর্তী প্রতিবেদনে আরও বলা হয়েছে, র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি, সিআইডি, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে কমিশনে ১ হাজার ৬৭৬টি অভিযোগ জমা পড়ে। তার মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই-বাছাই করেছে কমিশন। এতে দেখা গেছে, ৭৩ শতাংশ ভুক্তভোগী ফিরে এসেছেন। বাকি ২৭ শতাংশ (অন্তত ২০৪ জন ব্যক্তি) এখনো নিখোঁজ।
এখনো ফেরেননি গুম হওয়া এক নারী
গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, এক মা ও তাঁর কিশোরী মেয়েকে তুলে নিয়ে র্যাব-২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে রাতভর আটকে রাখা হয়েছিল। পরদিন গাড়ি থেকে ওই কিশোরীকে সড়কে ছুড়ে ফেলে দেওয়া হয়। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, একজন ইমাম ওই কিশোরীকে সড়কে পেয়ে পরিবারের কাছে দিয়ে যান। তবে তার মা এখনো ফেরেননি। ওই কিশোরী এখন প্রাপ্তবয়স্ক। কমিশনের সদস্যরা তাকে নিয়ে র্যাবের একটি স্থাপনায় নিয়ে যান, যেখানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো। স্থাপনার একটি কক্ষ দেখে কিশোরীটি নিশ্চিত করে, তাকে তুলে নেওয়ার পর সেই কক্ষে রাখা হয়েছিল।
কমিশন বলছে, মায়েদের সঙ্গে তাঁদের সন্তানকেও গুম করার এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক দিন ধরে ব্যাপকভাবে এমন গুমের ঘটনা ঘটেছে। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত গুমের এসব ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে ঢাকার সিটিটিসির কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
গুমের শিকার এক ব্যক্তির সঙ্গে কথা বলে কমিশন জানতে পেরেছে, তাঁকে গুম করার পাশাপাশি তাঁর স্ত্রী ও কোলের সন্তানকে তুলে নিয়ে একটি থানায় আটকে রাখা হয়। তাঁকে মানসিকভাবে নির্যাতন করতে স্ত্রীকে থানায় আটকে রেখে কোলের সন্তানকে মায়ের দুধপান থেকে বিরত রাখতে বাধ্য করা হয়।
প্রতিবেদনে উঠে এসেছে, সন্তানসহ নারীদের তুলে নেওয়ার পর বিষয়টি তাঁদের পরিবারকেও জানানো হতো না। আনুষ্ঠানিকভাবে যখন তাঁদের গ্রেপ্তার করা হতো, তখনই পরিবার জানতে পারত। কমিশন বলছে, এসব ঘটনা উঠে আসার পর এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
মৌলিক অধিকারও ছিল না ভুক্তভোগীদের
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সরকার গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়া ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। গুমের শিকার ব্যক্তিদের অবস্থান শনাক্ত ও তাঁদের উদ্ধারের চেষ্টা করা হলে কর্তৃপক্ষ বারবার তাতে বাধা দিয়েছে। গুমের অভিযোগ তদন্তে ও সত্য উন্মোচনে সরকারি কর্তৃপক্ষ ন্যূনতম আগ্রহ দেখায়নি। গুমের অভিযোগ জানাতে গেলে তা নিতে ও তদন্ত করতে অস্বীকৃতি জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক সময় অভিযোগ জানাতে গেলে ‘ওপরের নির্দেশ আছে’ জানিয়ে তা নিতে অস্বীকৃতি জানানো হয়।
গুমের শিকার ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে ভুল ব্যাখ্যা দিয়ে ফেরত পাঠানো হতো। উল্টো তাঁদের বলা হতো ঋণের ভয়ে, নয়তো ব্যক্তিগত অন্য কোনো কারণে তাঁরা আত্মগোপনে গেছেন। এমনও ঘটনা ঘটেছে, গুমের পর কোনো ব্যক্তি ফিরে এলে তাঁদের সঙ্গে নতুন করে অন্যায় করা হতো। সাজানো ও মনগড়া অভিযোগে আদালতে হাজির করা হতো, বেশির ভাগ সময় সন্ত্রাসবাদ দমন আইনে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হতো। গুমের শিকার ব্যক্তি ও ভুক্তভোগীরা বিচারব্যবস্থা থেকেও অর্থবহ কোনো আইনি প্রতিকার পেতেন না।
ফিরেও মেলেনি মুক্তি, এখনো শঙ্কা
কমিশনের প্রতিবেদনে বলা হয়, গুমের শিকার ব্যক্তিরা জীবিত ফিরে এলে তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হতো। শুধু গুমের শিকার ব্যক্তিই নয়, তাঁদের পরিবারের ওপরেও চলত নজরদারি। তাঁদের ভয় দেখানো হতো, হেনস্তা ও নানাভাবে হুমকি দিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো।
গুমের শিকার ব্যক্তিদের প্রজন্মের ওপরেও মানসিক প্রভাব পড়ত। ভুক্তভোগীদের পরিবারের মধ্যে সব সময় একটা ভয় আর আতঙ্ক লেগে থাকত। সবচেয়ে বেশি প্রভাব পড়ত শিশুদের ওপর। এ ক্ষেত্রে একটি ঘটনা তুলে ধরা হয়েছে কমিশনের প্রতিবেদন। গুমের শিকার এক ব্যক্তির কিশোরী মেয়ে স্কুলের পোশাক পরে কমিশনের কার্যালয়ে এসেছিল। প্রায় এক দশক আগে যখন তার বাবাকে তুলে নিয়ে যাওয়া হয়, তখন তার বয়স ছিল ৬ বছর। সে সময়ের কোনো কিছুই সে মনে করতে পারে না। কিন্তু এরপরও সেই ট্রমা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। এখনো তার মা স্বামীর কাপড় ইস্তিরি করে গুছিয়ে রাখেন। মেয়েটি কমিশনকে জানায়, সরকার পরিবর্তন হলেও তার পরিবার এখনো নিরাপদ বোধ করছে না।
প্রতিবেদনে আরও বলা হয়, গুমের শিকার ব্যক্তিদের পরিবার বছরের পর বছর ধরে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছে।
অপরাধের প্রমাণ লুকানোর চেষ্টা
গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীর ভেতরে দায়মুক্তির একটা ‘সংস্কৃতি’ গড়ে উঠেছিল। সামরিক ও বেসামরিক উভয় বাহিনীর কর্মকর্তারা কমিশনকে বলেছেন, তাঁদের বেশির ভাগই কখনো মনে করতেন না যে অপরাধের জন্য তাঁদের জবাবদিহি করতে হবে। এমনকি তাঁরা এসব কর্মকাণ্ডকে অপরাধ বলেই মনে করতেন না। এটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিজিএফআই সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেলের (গোপন বন্দিশালা) দেয়ালে বন্দিদের খোদাই করা তথ্য মুছে দেওয়ার জন্য দেয়ালে নতুন করে রং করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। কমিশনের সদস্যদের পরিদর্শনের কথা জানা সত্ত্বেও আগের দিন পর্যন্ত ওই গোপন বন্দিশালার কিছু প্রমাণ লুকানোর কাজ চলমান ছিল। কমিশনের সদস্যরা পরিদর্শনের সময় দেয়ালের রং ভেজা অবস্থায় দেখতে পান। এই ভেজা রং ও অসমাপ্ত কাঠামোগত পরিবর্তনগুলো অপরাধ লুকানোর জন্য তড়িঘড়ি চেষ্টার বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশ করে।
ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালকের দাবি, তাঁর সময়ে হওয়া গুমের ঘটনার সঙ্গে তিনি সরাসরি জড়িত নন। কিন্তু ৫ আগস্টের পর বন্দিশালায় থাকা গুমের প্রমাণাদি নষ্ট করার যে চেষ্টা হয়েছে, তা গুমের ঘটনায় দায়মুক্তির বিষয়টি তুলে ধরে। তাঁর এই কাজগুলো অতীতের অপরাধীদের রক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছিল, যা তাঁর নিজের স্বার্থ এবং পেশাগত সততার বিরুদ্ধে গেছে। গুমের ঘটনার প্রমাণাদি নষ্ট করার এমন ঘটনা যে শুধু ডিজিএফআইয়ে ঘটেছে তা নয়। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ১৫ বছরের বেশি সময় ধরে যেসব অপরাধ করেছে, তার প্রমাণাদিও পদ্ধতিগতভাবে বিকৃত (নষ্ট) করা হয়েছে।
বন্দীরা দ্বৈত আচরণ পেয়েছেন
প্রতিবেদনে বলা হয়, জোরপূর্বক গুম থেকে বেঁচে ফেরা ভুক্তভোগীরা তাঁদের বন্দিদশায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছ থেকে দ্বৈত আচরণ পেয়েছেন। সেখানে কেউ নিষ্ঠুর আচরণ করেছেন, আবার খুব সামান্য একটি অংশ বন্দীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এর একটি উজ্জ্বল উদাহরণ পাওয়া যায় এক ভুক্তভোগীর সাক্ষ্যে। তিনি জানিয়েছেন, যখন তাঁকে ডিজিএফআই কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছিল, তখন গাড়িতে থাকা এক ডিবি কর্মকর্তা চোখে জল নিয়ে তাঁর কাছে ক্ষমা চান এবং আদেশটি পালন করতে বাধ্য হওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেন। আরেকটি আরও মর্মান্তিক উদাহরণ এসেছে একজন ভুক্তভোগীর কাছ থেকে, যিনি জামায়াতে ইসলামীর সমর্থক ছিলেন। তিনি জানান, তাঁকে হত্যা করার জন্য একটি গাড়ির সামনে ফেলে দেওয়া হয়। তখন একজন পুলিশ কর্মকর্তা ক্ষমা চেয়ে বলেছিলেন, ‘আমাকে ক্ষমা করুন। আমার কোনো উপায় নেই।’ যদিও শেষ মুহূর্তে গাড়িটি হঠাৎ দিক পরিবর্তনের কারণে এবং কর্মকর্তার মনোভাব পরিবর্তনের কারণে ওই ভুক্তভোগী বেঁচে যান।
কমিশন বলছে, ‘কারও ক্ষতি বা মানহানির জন্য আমরা এ কাজ করছি না। আমরা পুরো ব৵বস্থায় সংস্কার আনতে চাই। অতীত অভিজ্ঞতা ছেড়ে নতুন করে শুরু করতে চাই। দেশ ও নিরাপত্তা বাহিনীর স্বার্থে জনসেবা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্যই আমাদের এ আহ্বান। পদ্ধতিগত এসব অবিচার ও অপরাধের বিষয়গুলো নিয়ে কাজ করার মাধ্যমে আমরা আস্থা ও সততার একটি ভিত্তি গড়তে চাই, যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে অব্যাহত থাকবে।’