রাষ্ট্রচিন্তার দিদারুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। দিদারুলের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে আজ বুধবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবীর তথ্যমতে, ওই মামলায় ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দিদারুলের করা আবেদনও সেদিন খারিজ করা হয়। এর বিরুদ্ধে চলতি বছর হাইকোর্টে আপিল করেন দিদারুল।

আদালতে দিদারুলের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম, সঙ্গে ছিলেন আইনজীবী আবেদা গুলরুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

পরে আইনজীবী হাসনাত কাইয়ুম প্রথম আলোকে বলেন, অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দিদারুলের ট্রাইব্যুনালে আবেদন করা হলে খারিজ হয়। এর বিরুদ্ধে দিদারুলের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দিদারুলের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করেছেন।

২০২০ সালের ৫ মে দিদারুলকে নিজ বাসা থেকে নিয়ে যাওয়া হয়। জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেদিনই প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় ওই মামলা করে র‍্যাব। এই মামলায় ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর জামিনের পর কারামুক্তি পান দিদারুল।