মাহমুদা খানম হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিম শুনানি শেষে তা গ্রহণ করেছেন। একই সময় এ মামলার পলাতক আসামি কামরুল শিকদার ওরফে মুছাসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, গত ১৩ সেপ্টেম্বর পিবিআই আদালতে অভিযোগপত্রটি জমা দিয়েছিল। আদালত অভিযোগ পত্রটি গ্রহণ করে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
কামরুল হাসান আরও বলেন, আদালতে বাবুল আক্তার তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি চাইলে আদালত তাঁকে এক ঘণ্টা কথা বলার অনুমতি দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবুলকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন (৬ জুন) মাহমুদার স্বামী বাবুল বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।
পিবিআইয়ের অভিযোগপত্রে বলা হয়, অন্য নারীর সঙ্গে বাবুলের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে তাঁর পরিকল্পনায় স্ত্রী মাহমুদাকে হত্যা করা হয়। এ জন্য তিনি সোর্সের মাধ্যমে তিন লাখ টাকায় খুনি ভাড়া করেন। বাবুল ছিলেন এই মামলার বাদী। বাবুল ছাড়াও অভিযোগপত্রভুক্ত অন্য ছয় আসামি হলেন মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুছা, এহতেশামুল হক ওরফে ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম ওরফে কালু ও শাহজাহান মিয়া।
অভিযোগপত্রভুক্ত সাত আসামির মধ্যে বাবুল, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার কারাগারে। এহতেশামুল জামিনে, কামরুল শিকদার মুছা ও খাইরুল ইসলাম কালু শুরু থেকে পলাতক।
অভিযোগপত্রে চারজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। তাঁরা হলেন সাইদুল ইসলাম শিকদার ওরফে সাক্কু, নুরুন্নবী, মো. রাশেদ ও আবু নাছের। তাঁদের মধ্যে রাশেদ ও নুরুন্নবী ঘটনার পরের সপ্তাহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
অভিযোগপত্রে আরও বলা হয়, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে বাবুলের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তার সম্পর্ক হয়। এই সম্পর্কের জেরে বাবুলের পরিকল্পনায় মাহমুদাকে খুন করা হয়।