ফরিদপুর-৩: প্রার্থিতা ফিরে পেতে শামীম হকের করা রিট খারিজ
ফরিদপুর-৩ আসনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই রিট খারিজ করেন।
ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন শামীম হক। তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
তবে শামীম হকের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন আসনটির স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তাঁর আপিলে বলা হয়, শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক।
শুনানি শেষে এ কে আজাদের আপিল মঞ্জুর করে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। এ কারণে শামীম হকের প্রার্থিতা বাতিল হয়।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট করেন শামীম হক। আজ হাইকোর্ট শুনানি নিয়ে শামীম হকের করা রিট সরাসরি খারিজ করেন।