আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার বিষয়ে আলোচনার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার রাজধানীর পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এইচ ই নানা আকুফো-আডোর নেতৃত্বে প্রতিনিধিদলটি আইজিপির সঙ্গে বৈঠক করে।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাৎকালে নির্বাচনকালীন নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রধান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের ২৫ জন পর্যবেক্ষক অংশ নেবেন।
বৈঠকে তিনি নির্বাচনকালীন সময়ে কমনওয়েলথ পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয়ে আইজিপির কাছে জানতে চান।
আইজিপি নির্বাচনী আইনশৃঙ্খলা বজায় রাখতে ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, সাইবার মনিটরিং এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।
তিনি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।