খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার পরবর্তী শুনানি ১৩ নভেম্বর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ নভেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান শুনানির এই নতুন তারিখ ধার্য করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, এসব মামলার ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। আদালত শুনানির নতুন তারিখ ঠিক করেছেন।
আদালত সূত্র বলছে, ১১টি মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় ৮টি, যাত্রাবাড়ী থানার ১টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা। এসব মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন। খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা আজ আদালতে হাজিরা দেন।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল।
এরপর ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। শেষ গত মার্চ মাসে খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়।
গত ১২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।