জবিতে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড
শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হলে দেশ কখনো পথ হারাবে না
মহান মুক্তিযুদ্ধ জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। এ ইতিহাস কোনো অপশক্তি মুছে ফেলতে পারবে না। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হলে দেশ কখনো পথ হারাবে না।
আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো উঠে আসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত এই অলিম্পিয়াডে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জাতিসত্তার ভিত্তি। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে না পারলে ভবিষ্যৎ নেতৃত্ব বিভ্রান্ত হবে। তাই বইপড়া, গবেষণা ও এমন প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে হবে।
বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তারা যদি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হয়, তবে দেশ কখনো পথ হারাবে না।
মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন ইতিহাস বিভাগের তাসরিফা পুষ্পিতা রশ্মি, দ্বিতীয় হন সমাজবিজ্ঞান বিভাগের অনন্যা ম্রিধা ফারিহা, তৃতীয় স্থান অধিকার করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের তানজিলা রহমান শোভা। চতুর্থ স্থান লাভ করেন ইংরেজি বিভাগের আবদুল্লাহ শেখ আসিফ আর পঞ্চম হন ইতিহাস বিভাগের মো. নয়ন ইসলাম। বিজয়ীদের হাতে মুক্তিযুদ্ধভিত্তিক বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন অনু, সভাপতি নুসরাত জাহান সোনিয়া, সাধারণ সম্পাদক মো. তারেক হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবিদ হাসান বাঁধন, কার্যনির্বাহী সদস্য মো. অনন্ত প্রমুখ।