শুভ সকাল। আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এস এম মোস্তফা কামাল খানসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল তুরস্কে যাচ্ছে লিফট কিনতে। গত ৯ মে এই সফরের নির্ধারিত দিন থাকলেও তারা ভ্রমণ পিছিয়ে ৬ জুন তুরস্কের উদ্দেশে যাত্রা করবে। সেখানে তারা ১০ দিন থাকবে। লিফট কেনার কারণ দেখিয়ে তুরস্ক ভ্রমণের এমন আয়োজনের সমালোচনা করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলছেন, এ ধরনের ছোটখাটো কারণে বিদেশ ভ্রমণ বিলাসিতা এবং জনগণের অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। বিস্তারিত পড়ুন:
হঠাৎ কেন সড়কে চলাচলের সময় পুলিশের নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল বুধবার দুপুরের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পিটার হাস এ বিষয়ে কথা বলেন। তা ছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়েও আলোচনা হয়েছে। বিস্তারিত পড়ুন:
নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিরের (খোকন) বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর-আগুন দেওয়ার দায় স্বীকার করেছেন জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাইন উদ্দিন ভূঁইয়া। বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রথম আলোর এই প্রতিবেদকের কাছে মুঠোফোনে নিজের কর্মী-সমর্থকদের নিয়ে ভবনটিতে ভাঙচুরের পর আগুন দেওয়ার সত্যতা স্বীকার করেন তিনি। বিস্তারিত পড়ুন:
রাশিয়ার মূল ভূখণ্ডের একটি শহরে ইউক্রেন গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে মস্কো। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার ঘটনা ঘটল। একই সঙ্গে বুধবার রাশিয়ার দুটি তেল শোধনাগারে ড্রোন হামলারও খবর দিয়েছেন রুশ কর্মকর্তারা। অন্যদিকে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্কে গোলাবর্ষণে নিহত হয়েছেন পাঁচজন। বিস্তারিত পড়ুন:
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই জাতীয় ক্রিকেট দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে। আইসিসি সভাপতির সঙ্গে আলোচনায় নতুন আর্থিক মডেলে নিজেদের আর্থিক ভাগ নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথাও জানিয়েছে পিসিবি। বিস্তারিত পড়ুন: