প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের সময় চেয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চীন দূতাবাস।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় চীনা দূতাবাস বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদাভাবে কূটনৈতিক পত্র পাঠিয়েছে।

জানা গেছে, বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার কয়েক দিন আগে অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের বিষয়ে চীনের রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিশ্বনেতাদের মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রথম শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। ঢাকায় চীনা দূতাবাস সেই বার্তা ফেসবুকে প্রচার করেছে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় চেয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ভারতীয় হাইকমিশন এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেন।