হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলা মামলার নিষ্পত্তি অল্প সময়ে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলার অগ্রগতির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অধস্তন আদালতে এ মামলার বিচার সম্পন্ন হয়েছে। ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য মামলাটি বর্তমানে উচ্চ আদালতে আছে। সেখানে খুব অল্প সময়ে এ মামলা নিষ্পত্তি হবে।

আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সোমবার সচিবালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা নাকাতানি জেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে। সেখানে আইনমন্ত্রী জাপানি প্রতিনিধিদলকে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিচারের বিষয়ে এ আশ্বাস দেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। সেদিন জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে, যাঁদের মধ্যে ৩ জন বাংলাদেশি, ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও ১ জন ভারতীয়।

বৈঠকে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলার অগ্রগতি ছাড়াও বাংলাদেশের মানবাধিকার ও শ্রম অধিকার পরিস্থিতি, পোশাকশিল্পের কর্মপরিবেশ, শ্রমিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার সন্ত্রাসবাদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমানে অনেক কমেছে।

বৈঠকে দেশের মানবাধিকার পরিস্থিতির অগ্রগতির কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করেছে। একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করছে। ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করে তার অধীনে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে।

মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম উদাহরণ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত। তিনি কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় তাঁর কারাদণ্ড স্থগিত করা হয়েছে। বর্তমানে তিনি নিজ বাসায় থেকে সুচিকিৎসা গ্রহণ করছেন।

আনিসুল হক বলেন, সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকার শ্রম আইন সংশোধনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফলে পোশাকশিল্প খাতের কর্মপরিবেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। সরকার শ্রম আইনকে সংশোধন করে আন্তর্জাতিক মানসম্পন্ন আইনে পরিণত করার চেষ্টা করছে। শ্রমিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রম আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে শ্রম আদালতে মামলা নিষ্পত্তির হার আগের তুলনায় বেড়েছে।