আজ রোববার। গতকাল শনিবার আলোচিত খবর ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তার ও জামিন পাওয়া–সংক্রান্ত খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে যাওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর জামিনে মুক্তি পাওয়ার পর চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, তিনি এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছেন, তাঁর নাম মোল্যা নজরুল ইসলাম (গাজীপুরের পুলিশ কমিশনার), গোটা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নয়।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে কাউকে তিনি চেনেন না। এমনকি তাঁর সঙ্গে প্রাথমিক পরিচয়ও নেই। ঢাকায় পুলিশ হত্যার আসামি হয়েও দুবাইয়ে সোনার বড় ব্যবসায়ী বনে যাওয়া রবিউল ইসলামকে নিয়ে আলোচনার মধ্যে শনিবার এক ফেসবুক পোস্টে এ কথা বলেছেন বেনজীর আহমেদ।
তোশাখানা মামলায় আদালতে হাজিরা দিতে বের হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। এর পরপরই লাহোরে তাঁর বাসভবন জামান পার্কে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী। এ অভিযানে ইমরানের বাসভবন থেকে অ্যাসল্ট রাইফেল ও বুলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ।
সোনার দাম বেড়ে আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে। লাখ টাকা ছুঁই ছুঁই করছে এখন সোনার দাম। শনিবার নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণার পর মূল্যবান এ ধাতুটির দাম বেড়ে লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।
ইংল্যান্ড সিরিজ শেষে সাকিব এক দিনের জন্য দুবাই গিয়েছিলেন একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে। দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ হত্যা মামলার পলাতক আসামি। এ ব্যাপারে সাকিবকে আগে থেকেই সতর্ক করেছিল গোয়েন্দা পুলিশ। সেটি অগ্রাহ্য করে তাঁর স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়া জন্ম দিয়েছে বিতর্কের। তবে এখন পর্যন্ত সে বিতর্ক থেকে সচেতনভাবেই নিজেদের দূরে সরিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।