ব্যাটারি রিকশার চালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা, জমা খরচ ১০ হাজার

ব্যাটারি–চালিত রিকশাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় একজন ব্যাটারিচালিত রিকশার চালক মাসে গড়ে আয় করেন ২৯ হাজার টাকা। এই আয় থেকে তাঁকে রিকশার মালিককে জমা বাবদ মাসে গড়ে ১০ হাজার ৩২৩ টাকা দিতে হয়। অর্থাৎ তাঁরা এক মাসে যা আয় করেন, তার গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ ব্যয় হয় মালিকের জমার পেছনে।

ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তর’ শীর্ষক এক নীতি সংলাপে গবেষণার ফলাফল তুলে ধরেন বিআইজিডি’র অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী।

‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণায় ঢাকা ও বরিশালে ৪৫০ জন রিকশাচালকের তথ্য নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া চালকদের ৭৮ দশমিক ২ শতাংশ ভাড়ায় রিকশা চালান। আর ১৮ শতাংশ চালকের নিজস্ব রিকশা রয়েছে। গবেষণায় তথ্য সংগ্রহ করা হয় গত জুন ও জুলাইয়ে।

গবেষণায় বলা হয়েছে, ঢাকায় জরিপে অংশ নেওয়া চালকদের মধ্যে ৭৮ দশমিক ৩ শতাংশ অন্য জেলা থেকে এসেছেন। তাঁদের মধ্যে ৮৪ দশমিক ২ শতাংশ নিজ এলাকায় কাজের সুযোগ ও আয়ের সীমাবদ্ধতার কারণে ঢাকায় এসেছেন।

জরিপে অংশ নেওয়া চালকদের ৪২ দশমিক ২ শতাংশ আগের এক বছরে জীবিকার ক্ষেত্রে বড় ধরনের সংকটে পড়েছেন। তাঁদের মধ্যে ৮৭ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, ওই সংকটে তাঁদের আয় অর্ধেকের বেশি কমে গেছে অথবা কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সংকট মোকাবিলায় তাঁদের ঋণ করতে হয়েছে। আয় বন্ধ হয়ে গেলে প্রায় ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহের বেশি সংসার চালাতে পারবেন না।

রিকশাচালকেরা যে উল্লেখযোগ্য হারে দুর্ঘটনায় পড়েন, সে চিত্রও উঠে এসেছে গবেষণাটিতে। জরিপের আগের এক মাসে (মে) অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ২৬ দশমিক ৭ শতাংশ চালক।

জরিপের আওতায় আসা ৯৬ শতাংশ চালকের কোনো লাইসেন্স নেই। বাকি ৪ শতাংশ সিটি করপোরেশন ও প্রতিবন্ধী সংগঠন থেকে অনুমতিপত্র নিয়ে রিকশা চালান বলে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, আকস্মিকভাবে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা বা নিয়ন্ত্রণের কারণে চালকদের আয় কমে গেলে তাঁদের পরিবারের ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে। তাই নিয়ন্ত্রণব্যবস্থা প্রণয়নের সময় জীবিকার বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

স্থানীয় সরকার বিভাগের করা ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ বিষয়ে গবেষণায় বলা হয়, এটা এ খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এর কার্যকর বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ। সড়ক নিরাপত্তা, পরিবেশগত ঝুঁকি ও নিয়ন্ত্রণ কাঠামোর পাশাপাশি এ খাতের সঙ্গে যুক্ত মানুষের জীবন ও জীবিকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, নগরবাসীর যেমন নির্বিঘ্নে চলাচলের অধিকার রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার আছে। কিন্তু সবাই যদি ঢাকামুখী হতে থাকে, তবে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। তাই বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে সব পক্ষকে সঙ্গে নিয়ে এবং ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা অটোরিকশা বা রিকশাওয়ালাদের বিপক্ষে নই। তাদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে নিয়মের মধ্যে থাকলে জবাবদিহির জায়গা তৈরি হবে এবং আমরা তাদের ভালোভাবে সহযোগিতা করতে পারব।’

দেশে ব্যাটারি রিকশার সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সামছুল হক গণপরিবহন ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করেন। তিনি বলেন, বাংলাদেশ বাসকে আকর্ষণীয় যানবাহন হিসেবে গড়ে তুলতে পারেনি। মেট্রোরেল আকর্ষণ তৈরি করেছে। যাঁর গাড়ি আছে, তিনিও গাড়ি বাসায় রেখে মেট্রোরেলে চলাচল করেন। এটা গতির জন্য নয়, নির্ভরযোগ্যতার জন্য। অন্য কোনো পরিবহন এটা দিতে পারেনি।

ব্যাটারিচালিত রিকশা: জীবন–জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রুপান্তর’ শীর্ষক এক নীতিসংলাপে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি প্যানেল আলোচনা হয়। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে
ছবি ব্র‍্যাকের সৌজন্যে

প্যানেল আলোচনায় প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বাংলাদেশে বৈষম্য বেড়ে যাওয়া, সুশাসনের ঘাটতি ও সবকিছুর ঢাকাকেন্দ্রিকতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা আসলে এসবের একটা প্রতিফলন, খুব কুৎসিত প্রতিফলন। এটা শুধু টোটকা দিয়ে কিছু সেরে ফেলা যাবে, তা তাঁর কাছে মনে হয় না।

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে গবেষণায় কয়েকটি সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, যানবাহনের নিরাপত্তা ও চলাচলের এলাকা নির্দিষ্ট করতে হবে। কোন সড়কে চলবে, কত গতিতে চলবে, কোথায় পার্কিং ও যাত্রী ওঠানামা করবে, তা স্পষ্ট করতে হবে।

গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ ও চার্জিংব্যবস্থার নিরাপত্তার সুপারিশও করা হয়েছে গবেষণায়। বলা হয়েছে, প্রয়োজনে গ্যারেজগুলোর মানোন্নয়ন ও স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে। পুরোনো ব্যাটারি সংগ্রহ, পরিবহন ও পুনর্ব্যবহারের নিরাপদ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ব্যাটারি প্রযুক্তি এবং সৌরবিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়ার সম্ভাবনাও বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে যাঁরা কাজ করছেন, তাঁদের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যে চ্যালেঞ্জগুলো আছে, তা সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে, একটি ন্যায্য রূপান্তরের (জাস্ট ট্রানজিশন) মাধ্যমে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার, ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন প্রমুখ প্যানেল আলোচনায় অংশ নেন। ব্র্যাকের পরিচালক নাফিউল হাসান অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন।