তিন দিনের গণসংগীত উৎসবের পর্দা নামল

গণসংগীত উৎসবের সমাপনী দিনে শিল্পীদের পরিবেশনা। গতকাল রাতে চট্টগ্রামের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চেছবি সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের ৩২টি দল ও ৬০০ শিল্পীর অংশগ্রহণে চট্টগ্রামে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় গণসংগীত উৎসব গতকাল রোববার রাতে চট্টগ্রামের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শেষ হয়েছে। সমাপনী দিনে দেশের বিভিন্ন অঞ্চলের আটটি গণসংগীতের দল ও শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পর্দা নামে উৎসবের।

বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গত শুক্রবার এই উৎসবের উদ্বোধন হয়। সমাপনী অধিবেশনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এবং উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ বলেন, ‘জাতীয় গণসংগীত উৎসব আগের তিনবার ঢাকায় আয়োজন করা হয়েছে। ঢাকার বাইরে এবার প্রথম চট্টগ্রামে সফলভাবে উৎসবের আয়োজন করা হলো। সারা দেশে গণসংগীতকে ছড়িয়ে দিতে হবে। এখন আমাদের প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ। এতে অন্যতম প্রাণশক্তি হবে গণসংগীত।’

সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন জাতীয় গণসংগীত উৎসব উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক এ কিউ এম সিরাজুল ইসলাম, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী, উৎসব উদ্‌যাপন কমিটির যুগ্ম সমন্বয়ক শিল্পী শ্রেয়সী রায়, সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল ফারাহ পলাশ।

রোববার বিকেলের অধিবেশনে দলীয় সংগীত পর্বে গারো গান পরিবেশন করে নেত্রকোনার ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, বঙ্গবন্ধুকে নিবেদিত গান পরিবেশন করে চাঁদপুরের দল সপ্তসুর, মুকুন্দ দাসের গান পরিবেশন করে মুন্সিগঞ্জের দল অন্বেষণ, মুক্তিযুদ্ধের গান পরিবেশন করে ঢাকার দল স্বভূমি লেখক-শিল্পী কেন্দ্র, কাজী নজরুল ইসলামের সাম্যের গান পরিবেশন করে ঢাকার দল ক্রান্তি শিল্পীগোষ্ঠী, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের গান পরিবেশন করে চট্টগ্রামের জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের ভাষায় গণমানুষের গান পরিবেশন করে চট্টগ্রামের স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম এবং অশোক সেনগুপ্তের গান পরিবেশন করে চট্টগ্রামের আওয়ামী শিল্পীগোষ্ঠী। এ ছাড়া শিল্পী কল্পনা লালা, জয়ন্তী লালা, অলক দাশগুপ্ত, শিশির রহমান ও শ্রেয়সী রায় একক সংগীত পরিবেশন করেন। প্রাপণ একাডেমির যুদ্ধবিরোধী নৃত্য ও কোরিওগ্রাফি দর্শকদের মুগ্ধ করেছে।