অ্যাটর্নি জেনারেলের মধ্যস্থতায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের মধ্যস্থতায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারকাজের স্থবিরতা কেটেছে। আজ রোববার সাইবার ট্রাইব্যুনালে মামলার দৈনন্দিন বিচারকাজ হয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের মধ্যস্থতায় বৈঠক হয়। সেখানে ঢাকার আদালতে কর্মরত বিচারক ও ঢাকা বারের জ্যেষ্ঠ নেতারা ছিলেন। পরে অ্যাটর্নি জেনারেলের মধ্যস্ততায় সাইবার ট্রাইব্যুনাল বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আইনজীবীরা।
আজ বিকেলে সাইবার টাইব্যুনালের একজন কর্মচারী প্রথম আলোকে বলেন, ‘আজ সাইবার ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ অনুষ্ঠিত হয়েছে।’
বিচারকসুলভ আচরণ না করার অভিযোগ তুলে গত মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের সিদ্ধান্ত নেয় ঢাকা আইনজীবী সমিতি। এতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারকাজ স্থবির হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এরপর গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের মধ্যস্থতায় ওই বৈঠক হয়।