মাছ ধরার ট্রলার থেকে দুই লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব–৭
ছবি: সংগৃহীত

মাছ ধরার ট্রলারের ভেতরে বিশেষ কৌশলে রাখা দুই লাখ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে নগরের চান্দগাঁও র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৭–এর কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান। তিনি বলেন, টেকনাফের শাপলাপুর থেকে একটি মাছ ধরার ট্রলারে করে সমুদ্রপথে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য জানতে পেরে বিভিন্ন ঘাটে নজরদারি শুরু করে র‌্যাব। একপর্যায়ে মগনামা এলাকায় স্পিডবোট নিয়ে ধাওয়া করে মাছ ধরার ট্রলারটি আটক করা হয়। পরে ট্রলারে থাকা মাছের সঙ্গে বিশেষ কৌশলে ড্রামের ভেতর লুকানো দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

মাছ ধরার ট্রলারে বিশেষ কৌশলে রাখা ইয়াবা উদ্ধার করা হয়
ছবি: সংগৃহীত

এ সময় নুরুল আবছার, মেহের আলী, আবদুল হামিদ, মো. কালু ও নুরু হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে নুরু মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা। মেজর মেহেদী হাসান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে আসা ইয়াবা টেকনাফ থেকে সংগ্রহ করে সারা দেশে বিক্রি করে আসছেন তাঁরা। রোহিঙ্গা নুরু হাসানের মাধ্যমে ইয়াবাগুলো সংগ্রহ করেন তাঁরা। আগে ছোট ছোট চালান আনা হলেও বেশি মুনাফার আশায় এবার বড় চালান আনা হয়েছিল।