তবু ৬ কোটি টাকা ব্যয়ে পদচারী–সেতু

রক্ষণাবেক্ষণ খাতের টাকায় ভাঙাচোরা সড়ক–সেতু ঠিক না করে পদচারী–সেতু নির্মাণ প্রকল্প নিয়ে চলছে সমালোচনা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বাগেরহাট শহরে দুটি পদচারী–সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সওজের রক্ষণাবেক্ষণ খাতের বরাদ্দের ৬ কোটি টাকা এতে ব্যয় হচ্ছে। জেলার অসংখ্য ভাঙাচোরা সড়ক, সেতু, রাস্তাঘাট ঠিক না করে এই প্রকল্পকে ‘বিলাসী’ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। এ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা করছেন স্থানীয় লোকজন।

সওজ বাগেরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য খুলনা-বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও ষাটগম্বুজ মসজিদের সামনে পদচারী–সেতু দুটি নির্মাণ করা হচ্ছে। কংক্রিট বেজ স্টিলের কাঠামোর সেতু দুটির উচ্চতা হবে ২০ ফুট, আর দৈর্ঘ্য ৪০ ফুট। সেতুর উভয় পাশে দুটি করে চারটি সিঁড়ি থাকবে। এই নির্মাণকাজ পেয়েছে আমিনুল হক প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

পদচারী–সেতু করা হচ্ছে ভালো কথা, তবে কেউ ব্যবহার করবে বলে মনে হয় না। আসলে পার্কিংয়ের ব্যবস্থা ও ভালো ট্রাফিক ব্যবস্থাপনা দরকার।
দীপক দাস, শহরের নতুন কোর্ট এলাকার বাসিন্দা

কার্যাদেশ পেয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বেশ কয়েকটি গাছ কেটে ইতিমধ্যে বেজমেন্টের জন্য খোঁড়া হয়েছে বড় বড় গর্ত। আনা হয়েছে ইট, বালু, পাথরসহ নির্মাণসামগ্রী। সওজের একটি সূত্রের ভাষ্য, জুনের মধ্যে অর্থ ব্যয় দেখাতে তড়িঘড়ি করে এই প্রকল্প নেওয়া হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে যাত্রী তুলছে ব্যাটারিচালিত অটোরিকশা। মূল সড়কের ওপর পার্কিং, বাস থামিয়ে যাত্রী ওঠানো–নামানো, পারাপারে জেব্রাক্রসিং অনেকেই মানছেন না।

শহরের নতুন কোর্ট এলাকার বাসিন্দা দীপক দাস বলেন, পদচারী–সেতু করা হচ্ছে ভালো কথা, তবে কেউ ব্যবহার করবে বলে মনে হয় না। আসলে পার্কিংয়ের ব্যবস্থা ও ভালো ট্রাফিক ব্যবস্থাপনা দরকার।

বিএমএ বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন ফেসবুকে লিখেছেন, ‘ঢাকা শহরে শত শত ফুটওভারব্রিজ (পদচারী–সেতু) আছে, ব্যস্ত রাস্তার ওপরে কজন লোক পারাপার করে তা গবেষণার বিষয়। সেখানে বাগেরহাট শহরে এই ফুটওভারব্রিজ কতজন পারাপার করবে সেটাই বিষয়।’

বাগেরহাট সওজের তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদচারী–সেতু কোনো কাজে আসবে না। আসলে বাজেটের সময় শেষ। এর মধ্যে প্রকল্প দেখিয়ে কিছু কাজ করানো।

সওজের একটি সূত্রে জানা গেছে, খুলনা-বাগেরহাট হয়ে বরিশাল–কুয়াকাটা–পায়রা বন্দর পর্যন্ত এই সড়ক চার লেন করা একটি প্রস্তাব আছে। সড়ক চার লেন হলে এই দুই লেনের জন্য পদচারী–সেতু কোনো কাজেই আসবে না।

সওজ বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে, সড়কটির দুই পাশে ওই স্থানে আরও পাঁচ ফুট করে চওড়া হবে। ফলে চার লেন হলেও পদচারী–সেতুটি ব্যবহার করা যাবে। এই কাজ শেষ হলে এখানে সড়কের মাঝখানে ডিভাইডার দেওয়া হবে, যাতে মানুষ সেতুটি ব্যবহার করতে বাধ্য হয়।