সৌদির বিমানবন্দরে বিস্ফোরণ, বাংলাদেশ বিমানের রিয়াদগামী দুটি ফ্লাইট স্থগিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরফাইল ছবি

ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিমান।

আজ শনিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইট স্থগিতের তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে রিয়াদ থেকে সব ফ্লাইট স্থগিতের কথা বলা হলেও এর কারণ উল্লেখ করেনি বিমান।

তবে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। আজ শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের পর এ সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটের যাত্রাও স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটিতে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিমান জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইট দুটির নতুন সময়সূচি বা পরবর্তী অবস্থা সম্পর্কে আগামীকাল রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

এদিকে ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের সহায়তার জন্য বিমান কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিমানের টিকিট বিক্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। নতুন তথ্য বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের তথ্য দিয়ে রয়টার্স বলেছে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থাও যাচাই করতে বলা হয়েছে।