রাষ্ট্রপতি, নারী আসনে নির্বাচন নিয়ে অভিন্ন সুপারিশ তৈরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি পদে ও সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এ ধরনের আরও কিছু বিষয়ে অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশে কিছুটা ভিন্নতা রয়েছে। এখন অভিন্ন সুপারিশ তৈরির লক্ষ্যে কমিশনগুলো কাজ করছে।

ছয়টি সংস্কার কমিশনের প্রধানেরা অভিন্ন সুপারিশ জমা দেওয়ার পর আগামী মাসের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার।

অক্টোবরের প্রথম সপ্তাহে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করে সরকার। সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের সুপারিশ ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। সুপারিশের সারসংক্ষেপও প্রকাশ করা হয়। বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন এখনো প্রতিবেদন দেয়নি।

সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করে দেখা গেছে, দুটি কমিশনই সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করা, পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংরক্ষিত নারী আসন ১০০টিতে উন্নীত করে সেখানে সরাসরি ভোটের ব্যবস্থা করা, সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন করার প্রস্তাব করেছে। তবে এসব ক্ষেত্রে নির্বাচন কীভাবে হবে, ভোটার হবেন কারা এবং উচ্চকক্ষে প্রার্থী মনোনয়ন নিয়ে দুই কমিশনের সুপারিশে কিছুটা ভিন্নতা আছে।

রাষ্ট্রপতি পদে ও সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন, সংসদ দুই কক্ষবিশিষ্ট করা—এগুলো মূলত সংবিধানের বিষয়। আবার যেহেতু এসব পদে নির্বাচনের বিষয় আছে, তাই এগুলো একই সঙ্গে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনেরও বিষয়। দুটি কমিশনই এসব বিষয়ে নিজেদের সুপারিশ তুলে ধরেছে।

রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রের সর্বোচ্চ পদের নির্বাচন কীভাবে হবে, ভোটার হবেন কারা—এ নিয়ে দুটি সংস্কার কমিশনের সুপারিশে কিছুটা ভিন্নতা দেখা গেছে। সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচকমণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার প্রস্তাব দিয়েছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। তাদের প্রস্তাব অনুযায়ী, সংসদের উচ্চ ও নিম্নকক্ষের সদস্যদের বাইরে স্থানীয় সরকারের নির্বাচিত সব প্রতিনিধি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

আর সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব হলো, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচকমণ্ডলীর (ইলেক্টোরাল কলেজ) সংখ্যাগরিষ্ঠ ভোটে। আইন সভার উভয় কক্ষের সদস্যদের প্রত্যেকের একটি ভোট, জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট (৬৪টি জেলা সমন্বয় কাউন্সিল থাকলে ৬৪টি ভোট), সিটি করপোরেশন সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট দেবে। অবশ্য কমিশনের সুপারিশের সারসংক্ষেপে সমন্বয় কাউন্সিল কীভাবে গঠিত হবে, তার বিস্তারিত উল্লেখ নেই।

সংবিধান সংস্কার কমিশন সূত্র জানায়, তাদের প্রস্তাব অনুযায়ী, জেলা সমন্বয় কাউন্সিলের সদস্য হবেন জেলার অধীন প্রতিটি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়ারম্যান, প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়ারম্যান এবং প্রতিটি পৌরসভার মেয়র ও দুজন ডেপুটি মেয়র। রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে সব জেলা কাউন্সিলে ভোট হবে। যে প্রার্থী একটি জেলায় জয়ী হবেন, তিনি একটি ইলেক্টোরাল ভোট পাবেন।

কোন ধরনের ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন, সে ব্যাপারে সংবিধান সংস্কার কমিশন কোনো সুপারিশ করেনি। তবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশে দলনিরপেক্ষ, সৎ, যোগ্য ও সুনামসম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান করার সুপারিশ করেছে।

নারী আসনে ভোট নিয়ে দুই প্রস্তাব

সংসদের নিম্নকক্ষ ও সংরক্ষিত নারী আসনের বিষয়ে সংবিধান সংস্কার কমিশন বলেছে, আইনসভা হবে দ্বিকক্ষবিশিষ্ট। নিম্নকক্ষ গঠিত হবে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। ৪০০ আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। ৩০০ সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আরও ১০০ জন নারী সদস্য দেশের সব জেলায় নির্ধারিত নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধান সংস্কার কমিশনের এ প্রস্তাব অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের জন্য সারা দেশকে ১০০টি আসনে ভাগ করা হবে। এখানে সরাসরি ভোট হবে, প্রার্থী হবেন শুধু নারীরা। এখন স্থানীয় সরকারব্যবস্থায় ইউনিয়ন পরিষদে তিনটি সাধারণ ওয়ার্ড নিয়ে যেভাবে একটি সংরক্ষিত ওয়ার্ড হিসেবে নিয়ে নির্বাচনী এলাকা করা হয়, এটা হবে অনেকটা সে রকম।

অন্যদিকে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ১০০টি সংরক্ষিত নারী আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি ভোটের প্রস্তাব করেছে। তাদের এ প্রস্তাবের অর্থ হলো, সংসদে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হবে ৪০০টি। এর মধ্যে ১০০টি সংরক্ষিত থাকবে নারীদের জন্য। এ পদ্ধতি চালু হলে প্রথমবার দ্বৈবচয়ন বা অন্যকোনো পদ্ধতিতে ঠিক করা হবে কোন ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত হবে। পরবর্তী সংসদ নির্বাচনে ওই ১০০টি ছাড়া বাকি ৩০০ আসন থেকে ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত হবে। এভাবে সংরক্ষিত নারী আসন ঘুরতে থাকবে।

উচ্চকক্ষে মনোনয়ন

সংসদের উচ্চকক্ষে ১০৫টি আসন রাখার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। তারা বলেছে, এর মধ্যে ১০০ জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন। রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের মনোনয়নের জন্য সর্বোচ্চ ১০০ জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে। এই ১০০ জন প্রার্থীর মধ্যে কমপক্ষে ৫ জন আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধি হতে হবে। বাকি পাঁচটি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবেন। কোনো রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের অন্তত ১ শতাংশ ভোট না পেলে তারা উচ্চকক্ষে কোনো আসন পাবে না।

অন্যদিকে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সংসদের উচ্চকক্ষে ১০০টি আসনের প্রস্তাব করেছে। তারাও আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের কথা বলেছে। তবে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারা বলেছে, একটি দল যতটি আসন পাবে, তার ৫০ শতাংশ দলের সদস্যদের মধ্য থেকে এবং বাকি ৫০ শতাংশ আসন নির্দলীয় ভিত্তিতে নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, মানবসেবা প্রদানকারী, শ্রমজীবীদের প্রতিনিধি, নারী উন্নয়নকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে নির্বাচিত করতে হবে। তাদের প্রস্তাবে বলা হয়েছে, দলীয় ও নির্দলীয় সদস্যদের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

কমিশনগুলোর সুপারিশমালা সমন্বয়ের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। গত সোমবার প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের প্রধানেরা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। সেখানে সব কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একই বিষয়ে আসা দুই ধরনের মত চিহ্নিত করার সিদ্ধান্ত হয়।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ প্রথম আলোকে বলেন, যেসব বিষয়ে দুই ধরনের মত আছে, সেগুলো সমন্বয় করার কাজ চলছে। ছয়টি কমিশনের প্রধানদের মধ্যে নিয়মিত যোগাযোগ, বৈঠক হচ্ছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘যেসব বিষয়ে ভিন্ন ভিন্ন মত এসেছে, সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা শুরু করেছি। একীভূত সুপারিশ করার চেষ্টা করব।’