অর্থ পাচার প্রতিরোধের কৌশল নিয়ে দুদকের সঙ্গে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউসহ দেশটির একটি প্রতিনিধি দল আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কীভাবে অর্থ পাচার (মানি লন্ডারিং) হয়, সে বিষয়ে জানতে চেয়েছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। তিনি সফরের প্রথম দিনে দুদকের সচিবের সঙ্গে আলোচনায় দুর্নীতি দমনের বিদ্যমান কৌশলের পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে কী কী নতুন কৌশল নেওয়া যায়, তা নিয়েও আলোচনা করেছেন।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে তাঁর দপ্তরে এক বৈঠকে রিচার্ড নেফিউ এই তথ্য জানতে চান।

দুই দিনের সফরে রিচার্ড নেফিউ আজ সকালে ঢাকায় আসেন। বিকেলে তাঁর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে যায়। সেখানে তারা দুদকের সচিবের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে। মার্কিন প্রতিনিধিদলের অপর দুই সদস্য হলেন ডিল্যান এইকেনস ও ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা ম্যাক্স মার্টিন।

বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিচার্ড নেফিউ বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

পরে দুদকের সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, রিচার্ড নেফিউ প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তিনি দুদকের বিধিবিধান, আইনকানুন ও দুদক কীভাবে কাজ করে, সে সম্পর্কে জানতে চেয়েছেন। দুর্নীতি দমনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিরসনে দুদকের গৃহীত কার্যক্রমগুলো নিয়ে মতবিনিময় হয়। এ ক্ষেত্রে বিশ্বব্যাপী দুর্নীতি দমনে বিদ্যমান কৌশলগুলোর পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে কী কী নতুন কৌশল গ্রহণ করা সমীচীন, সেসব বিষয়েও আলোচনা হয়েছে।

দুদকের সচিব বলেন, দুর্নীতি শুধু একটি দেশের নয়, বৈশ্বিক বিষয়। কীভাবে এসব তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা করা যায়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আলোচনা করেছে। তারা দুদকের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আন্তরিকতা দেখিয়েছে। দুদকও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আন্তরিক সহযোগিতার কথা বলেছে।