ময়মনসিংহের সড়কে জন্ম নেওয়া শিশু ফাতেমার আইনগত অভিভাবককে পাঁচ লাখ টাকা দিতে এক মাস সময় পেয়েছে ট্রাস্টি বোর্ড। সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুসারে গঠিত ট্রাস্টি বোর্ডকে এ সময় দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্ট গত ১৯ জুলাই এক আদেশে ১৫ দিনের মধ্যে ওই অর্থ দিতে বলেছিলেন। তবে ১৫ দিনের পরিবর্তে বরাদ্দ সাপেক্ষে ওই অর্থ পরিশোধে সময় চেয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবেদন করেন। এর ওপর শুনানি নিয়ে বিচারপতি খিজির আহেমেদ চৌধুরী ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এক মাস সময় দেন।
আদালতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পক্ষে আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মো. রাফিউল ইসলাম শুনানিতে ছিলেন। শুনানিতে ব্যক্তিগতভাবে নিজে শিশুটির জন্য এক লাখ টাকা দেওয়ার কথা জানান আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।
পরে আইনজীবী মো. রাফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১৫ দিনের পরিবর্তে হাইকোর্ট আরও এক মাস সময় দিয়েছেন। এই এক মাসের মধ্যে ওই অর্থ শিশুটির আইনগত অভিভাবকের কাছে দিতে বলা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।’
গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক দম্পতি ও তাঁদের ছয় বছরের মেয়ে নিহত হয়। মৃত্যুর আগমুহূর্তে অন্তঃসত্ত্বা মা সড়কেই নবজাতকের জন্ম দেন। উপজেলার কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই নবজাতকের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিনা হাইকোর্টে রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
১৯ জুলাই দেওয়া আদেশে
ঘোষিত আদেশে হাইকোর্ট নবজাতকের দেখভাল ও তদারকির জন্য একটি কমিটি গঠন করতে সমাজকল্যাণ সচিবকে নির্দেশ দেন। এ সময় নবজাতকের কল্যাণে নেওয়া পদক্ষেপ জানিয়ে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
রুলে নবজাতকের আইনগত অভিভাবককে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে ট্রাস্টি বোর্ডকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ সচিব, সড়ক পরিবহন সচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, সড়ক পরিবহন আইনের ৫৪ ধারায় গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ট্রাকমালিককে রুলের জবাব দিতে বলা হয়।