নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন
নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক মো. আবুল কালাম সরকার আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে ঢাবি সাদা দলের নেতারা বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ভোরের অভিমুখে যাত্রা শুরু করেছে।’
শিক্ষকেরা আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সমুন্নত রাখা তাঁদের প্রধান দাবি। শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে এই সরকার অগ্রাধিকার দেবে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার সব সময় শিক্ষকদের পাশে থাকবে, এটাই তাঁদের প্রত্যাশা।
বিগত সময়ের গণতান্ত্রিক সংকট কাটিয়ে এই সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে, এমন আশা প্রকাশ করেন সাদা দলের এই শিক্ষকেরা। তাঁরা বলেন, জনগণের হারানো ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত হবে।
ঢাবি সাদা দলের নেতারা বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন মন্ত্রিসভা কার্যকর ও বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও শক্তিশালী অর্থনীতির ভিত রচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’