চট্টগ্রামে একটি চাঁদাবাজির মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ পাঁচজনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তার শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার আসামিরা হলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ, নগর ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক আবু নাছের চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এ টি এম মঞ্জুরুল ইসলাম, নগরের শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম নাজমুল আহসান এবং নিজেদের যুবলীগের কর্মী পরিচয় দেওয়া ইদ্রিস মিয়া ও ইমরান হোসেন। তাঁরা সবাই জামিনে রয়েছেন।
বিচার শুরুর বিষয়ে সরকারি কৌঁসুলি মো. তছলিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শুনানির সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
চাঁদাবাজির মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনার শুরু ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি। সেদিন কুয়েতপ্রবাসী বন্ধন নাথ নগরের পাঁচলাইশ ষোলশহর ২ নম্বর গেট এলাকায় বাড়ি নির্মাণের কাজ শুরু করতে যান। এ সময় আসামিরা তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। অপারগতা প্রকাশ করলে বন্ধন নাথকে মারধর করতে থাকেন তাঁরা। একপর্যায়ে তাঁর পিঠে গুলি করা হয়।
বন্ধন নাথ ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করার হুমকিও দেন আসামিরা। এর জেরে তিনি আসামিদের দেওয়া একটি স্ট্যাম্পে স্বাক্ষর করেন। সেখানে প্রথম পক্ষ রাখা হয় বন্ধন নাথকে, দ্বিতীয় পক্ষ এ টি এম মঞ্জুরুল ইসলাম। স্ট্যাম্পে ব্যবসায়িক লেনদেন বাবদ বন্ধন নাথের কাছে আসামিদের ১ কোটি টাকা পাওনা রয়েছে বলে দেখানো হয়। পাশাপাশি নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাঁচটি চেক আসামিদের দেন বন্ধন নাথ।
অভিযোগপত্রে বলা হয়, ৯ ফেব্রুয়ারি, ঘটনার দিন বিকেলে কুয়েতে চলে যান বন্ধন নাথ। সেখান থেকে তিনি নিজ ব্যাংক অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন তারিখে টাকা পাঠান। ওই বছরের ৫ মে আসামি চেক দিয়ে বন্ধন নাথের অ্যাকাউন্ট থেকে ১৫ লাখ টাকা তোলেন দেবাশীষ নাথ। পরে বাড়ি নির্মাণের জন্য বন্ধন নাথের সঙ্গে চুক্তি করা আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ডিজাইন সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চেক জমা দিয়ে ৫৫ লাখ টাকা নেন আসামি এ কে এম নাজমুল আহসান, এ টি এম মঞ্জুরুল ইসলাম, আবু নাছের চৌধুরী, মো. ইদ্রিস মিয়া ও মো. ইমরান হোসেন।
৭০ লাখ টাকা পেয়েও থেমে থাকেননি আসামিরা। পরে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি নির্মাণকাজ করতে গেলে আসামিরা বন্ধন নাথের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন বন্ধন নাথ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। পুলিশ দেবাশীষ নাথ ও এ টি এম মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে আদালতের আদেশে তাঁদের কারাফটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ব্যবসায়িক লেনদেনের তথ্য পুলিশকে দেখাতে পারেননি আসামিরা। তদন্ত শেষে পাঁচলাইশ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর ২০১৯ সালের অক্টোবরে অভিযোগপত্র দেন। পরের বছর ১ জানুয়ারি আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন।
জানতে চাইলে চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ প্রথম আলোকে বলেন, ‘ভুল–বোঝাবুঝির কারণে বাদী মামলাটি করেছেন।’