‘একতরফা’ তফসিল বাতিল চেয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের সমাবেশ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত ‘একতরফা’ তফসিল বাতিলের দাবিতে সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিও জানিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো নিয়ে গঠিত এই জোট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে আজ শুক্রবার বিকেলে গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে এই ছাত্র সমাবেশ হয়। সমাবেশে জোটভুক্ত ছাত্রসংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন। তাঁরা বর্তমান সরকারের কড়া সমালোচনা করেন।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় সমাবেশে সভাপতিত্ব করেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, ছাত্র ফেডারেশনের (জাতীয় মুক্তি কাউন্সিল) সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি তাওফিকা প্রিয়া প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ ছাত্রসংগঠনগুলোর নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে ভয়াবহ দমন-পীড়ন চালিয়ে সব বিরোধী মতকে থামিয়ে দিতে চায়। রাতের অন্ধকারে ভোট ডাকাতির মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় আসা একটি ভয়ংকর ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ধরে জনগণের কাঁধে চেপে আছে। ক্ষমতায় টিকে থাকতে গিয়ে রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
উন্নয়নের নামে বৈদেশিক ঋণ বাড়ার পাশাপাশি সেই অর্থের একটি বড় অংশ লুটপাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন জোটের নেতারা। তাঁরা বলেন, এসবের প্রতিবাদ করলে বিরোধী শক্তির ওপর নেমে আসছে ভয়ংকর বিভীষিকা। গুম-খুন, হামলা-মামলায় জনজীবন অতিষ্ঠ।
সমাবেশ শেষে সন্ধ্যায় টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগের সড়ক ঘুরে শেষ হয়।