সম্রাটের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় অভিযোগ গঠন পেছাল
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরীর (সম্রাট) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৮ অক্টোবর মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করেছেন আদালত। ঢাকার প্রথম এবং সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসমাইল হোসেনের আইনজীবী আফরোজা পারভিন। তিনি বলেন, মাদক ও অস্ত্র মামলায় আজ ঢাকার পৃথক দুটি আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তাঁর মক্কেল ইসমাইল আজ আদালতে হাজির হয়ে শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত অভিযোগ গঠন বিষয়ে নতুন তারিখ ধার্য করেন।
এ ছাড়া ঢাকার বিশেষ জজ আদালত-৬–এ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইসমাইলের বিরুদ্ধে করা মামলার বিচার চলমান। এ মামলাও অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে। ২৮ আগস্ট শুনানির দিন ধার্য রয়েছে।
গত ১ জুন ঢাকার একটি আদালত ইসমাইলকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন। একই সঙ্গে আদালত পাসপোর্ট তাঁর জিম্মায় দেওয়ার আদেশ দেন। তবে আদালত শর্ত দেন, পাসপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসার জন্য তিনি এক মাস বিদেশে অবস্থান করতে পারবেন। তিনি তাঁর পাসপোর্ট সর্বোচ্চ দুই মাস নিজের জিম্মায় রাখতে পারবেন। পরে তাঁকে পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। ২৪ জুলাই দেশে ফিরে এসে তিনি আদালতে পাসপোর্ট জমা দেন।