১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

ড্রোনফাইল ছবি। প্রথম আলো

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সাধারণভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি–বেসরকারি ব্যক্তি ও সংস্থার গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থার আয়োজিত ইভেন্টের সম্প্রচারের প্রয়োজনে যথারীতি বেবিচকে আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র সাপেক্ষে ড্রোন উড্ডয়নের অনুমতি দেওয়া হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭–এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।