২২ বছর আগে স্ত্রী খুনের মামলায় স্বামীর যাবজ্জীবন
২২ বছর আগে স্ত্রী খুনের মামলায় জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মো. সেলিম মিয়া এই রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০০ সালের ২২ জুন পারিবারিক কলহের জের ধরে মারধরের একপর্যায়ে স্ত্রী দুল নাহারকে পেটে লাথি মেরে হত্যা করেন জাকির। নগরের কোতোয়ালি থানার আসকারদিঘির পাড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দুল নাহারের স্বজন এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগ গঠনের পর আদালতে ৯ জন সাক্ষ্য দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী বলেন, বুধবার আসামির উপস্থিতিতে আদালত রায় দেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।